‘রিয়াল-বার্সার কে জিতবে বলা কঠিন’
নেইমার আর লুইস সুয়ারেস দুরন্ত ফর্মে আছেন, চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরতে পারেন; সব মিলিয়ে ‘এল ক্লাসিকো’র লড়াইয়ে অনেকেই এগিয়ে রাখছেন বার্সেলোনাকে। তবে কাতালুনিয়া ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ম্যাচের ফল নিয়ে অনুমান করা যায় না।
ইকের কাসিয়াস রিয়াল আর চাভি এর্নান্দেস বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর দুই দলের মধ্যে সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলা ফুটবলার এখন ইনিয়েস্তা।
এখন পর্যন্ত ৩১টি এল ক্লাসিকো খেলা ইনিয়েস্তা বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে বলেন, “(ক্লাসিকোগুলো) খুবই অননুমেয়। দুই দলে এমন সব খেলোয়াড় আছে যারা এক মুহূর্তে সব কিছু বদলে দিতে পারে।”
স্পেনের লা লিগায় ১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
লিগের সবশেষ রাউন্ডে দুই দল পেয়েছে দুই রকমের স্বাদ। সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলে হেরে আসে রিয়াল। আর নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে বার্সেলোনা।
সব কিছু মিলিয়ে কেউ কেউ রিয়ালকে পিছিয়ে রাখছে। কিন্তু ইনিয়েস্তার ব্যাখ্যাটা অন্য রকম।
“দুই দলের মধ্যে মাদ্রিদকে দুর্বল বলাটা দু:সাহসিক কাজ হবে। কেউ জিজ্ঞেস করলে আমি মাদ্রিদ সম্পর্কে একই কথা বলি; তারা শক্তিশালী এক প্রতিপক্ষ। আর ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে তো তারা আরও শক্তিশালী।”
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে শিরোপা প্রত্যাশী দুই দল মুখোমুখি হবে আগামী শনিবার।
