মেসিকে না পেলেও আত্মবিশ্বাসী বার্সা
রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসিকে পাওয়ার আশা করছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত তারকা এই ফরোয়ার্ড খেলতে না পারলেও আত্মবিশ্বাসের কমতি নেই সতীর্থদের। কাতালুনিয়া ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াও ‘এল ক্লাসিকো’তে লড়াই করার মতো খেলোয়াড় আছে তাদের।
স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেসি।
মেসিবিহীন বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নেইমার ও লুইস সুয়ারেস। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার বার্সেলোনার হয়ে ১৪ ম্যাচ খেলে ১৩টি গোল করেন। উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস ১৩ গোল করেন ১৭ ম্যাচ খেলে।
লা লিগার ১১ রাউন্ড শেষে বার্সেলোনাকে শীর্ষেও রাখতে পেরেছেন নেইমার-সুয়ারেসরা। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
