নিরাপত্তা নিয়ে শঙ্কায় বেলজিয়াম-স্পেন ম্যাচ বাতিল
প্যারিসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় স্পেন আর বেলজিয়ামের মধ্যে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ম্যাচটি হওয়ার কথা ছিল।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় ১২৯ জন লোক নিহত হয়। স্তাদে দে ফ্রান্সে ফ্রান্স ও জার্মানির প্রীতি ম্যাচও ওই হামলার লক্ষ্য ছিল। ফ্রান্সের কর্তৃপক্ষ প্যারিস হামলার হোতা হিসেবে বেলজিয়ামের এক নাগরিককে শনাক্ত করে।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় গত সোমবার বেলজিয়াম সরকার সতর্কতার মাত্রা বাড়ায়।
পরে বেলজিয়ামের ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, স্পেনের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই তারা ম্যাচটি বাতিল করে।
মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচটি ঠিক সময়েই হবে।
