জাতীয় দাবায় শীর্ষে মিনহাজ
চার গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে ষষ্ঠ রাউন্ডে জাতীয় দাবায় এককভাবে শীর্ষে উঠেছে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
জাতীয় ক্রীড়া পরিষদে সোমবার ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন মিনহাজ।
জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব-এই চার গ্র্যান্ডমাস্টার সাড়ে চার পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
জিয়া, নিয়াজ ও রাজীবের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয় ষষ্ঠ রাউন্ডে ড্রয়ে। জিয়া-নিয়াজ এবং রাজীব-ফিদে মাস্টার তৈয়বুর রহমানের ম্যাচ দুটি ড্র হয়।
তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে ষষ্ঠ রাউন্ডে কেবল জিতেছেন রাকিব; ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে হারান তিনি।
টানা চার হারের পর জাতীয় দাবায় প্রথম জয় পাওয়া ফাহাদ রহমান ষষ্ঠ রাউন্ডেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। বাংলাদেশ ফিদে মাস্টার আমিনুল ইসলামকে হারিয়েছে দেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার।
জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
