প্রতিপক্ষ শক্তিশালী হলেও আত্মবিশ্বাসী চট্টগ্রাম আবাহনী
শুরুটা হার দিয়ে হলেও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শেষটা জয় দিয়ে করতে উন্মুখ চট্টগ্রাম আবাহনী। এখন পর্যন্ত অপরাজিত কলকাতা ইস্ট বেঙ্গলকে হারিয়ে সে স্বপ্ন পূরণের আত্মবিশ্বাস যথেষ্টই আছে টুর্নামেন্টের আয়োজক ক্লাবটির।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
শক্তি, সামর্থ্যে চট্টগ্রাম আবাহনীর চেয়ে এগিয়ে থাকছে ভারতের আইলিগের তিনবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলই। কলকাতা লিগের ৩৭টি, আইএফএ শিল্ডের ২৮টি ট্রফি জেতা দলটি বাংলাদেশ থেকেও শিরোপা নিয়ে ফিরতে উন্মুখ।
অন্যদিকে ঘরোয়া ফুটবলেই চট্টগ্রাম আবাহনীর সাফল্য উল্লেখ করার মতো নয়। পেশাদার লিগের গত মৌসুমটা তারা শেষ করেছে ১১ দলের মধ্যে নবম স্থানে থেকে। ১৯৯৪ সালে বৃষ্টিতে ভেসে যাওয়া ফাইনাল শেষে মেয়র কাপ ঢাকা মোহামেডানের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই দলটির বলার মতো সাফল্য।
তবে শক্তি, ইতিহাসে পিছিয়ে থাকলেও চট্টগ্রাম আবাহনী এ আসরে বদলে যাওয়া এক দল। ঢাকা মোহামেডান ও আবাহনী যে প্রত্যাশা পূরণ করতে পারেনি, ‘ডেথ’ গ্রুপ পেরিয়ে সেটাই করে দেখিয়েছে চট্টগ্রামের দলটি। অধিনায়ক এমিলির চাওয়া এখন শেষ বাধা পেরোনোর।
“কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার-আমরা শেষটা ভালো করার সুযোগ হাতছাড়া করতে চাই না। ম্যাচ বাই ম্যাচ আমরা উন্নতি করেছি; এবার শেষ হাসি হাসতে চাই।”
ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে এমিলির আরেকটি কথা, “দুটি দলেই জাতীয় দলের খেলোয়াড় আছে। আমার কাছে এটি বাংলাদেশ-ভারত ম্যাচ।”
চাওয়া পূরণের জন্য নিজের মাঠে, চেনা দর্শকের সামনে খেলার সুবিধটা পাচ্ছে চট্টগ্রাম আবাহনী। চার গোল করা ফরোয়ার্ড জাহিদ হোসেন, তিন গোল দেওয়া এলিটা কিংসে দারুণ ছন্দে থাকায় দলটির প্রত্যাশার পালে বাড়তি হাওয়া লাগছে। হেমন্ত-এমিলির মতো নির্ভরযোগ্যদের উপস্থিতিও মানিকের ইস্ট বেঙ্গল বধের ছক তৈরিটা সহজ করে দিচ্ছে।
ম্যাচ বের করে আনার মতো খেলোয়াড়ের কমতি নেই ইস্ট বেঙ্গল দলে। প্রহ্লাদ রায়, মোহাম্মদ রফিক, রন্টি মার্টিন্সরা ধারাবাহিকভাবে আলো ছড়াচ্ছেন। অধিনায়ক দীপক কুমার মণ্ডল অভিজ্ঞতার ছায়ায় সতীর্থদের আগলে রাখছেন সারাক্ষণ। ইস্ট বেঙ্গলের গোলপোস্টের নিচে দীবেন্দু সরকারও ভালো করছেন নিয়মিত।
ইস্ট বেঙ্গলের জন্য আরেকটি অনুপ্রেরণাও আছে। চট্টগ্রাম আবাহনীকে হারিয়েই গ্রুপ পর্ব শুরু করেছিল দলটি। সেই ম্যাচটার কথা অবশ্য ভুলে যাওয়ার কথা বলেছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য; কোচের সুরে সুর মিলিয়েছেন অধিনায়ক দীপকও।
“আমার কিছু বলার নাই। আমি শুধু কালকের ফাইনালের জন্য অপেক্ষা করছি। সেমি-ফাইনালেও আমরা একটা স্থানীয় দলের সঙ্গে খেলেছিলাম, ফাইনালেও তাই খেলব। আমাদের জন্য (ম্যাচটা) কঠিন হবে।”
স্বাগতিক কোচ মানিকও সহজ ম্যাচ মনে করছেন না। প্রতিপক্ষের দলের খেলোয়াড়দের ফিটনেস, বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের মান অনেক ভালো জানিয়ে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি। বলেছেন, “আমাদের ছোটখাট ভুলও করা যাবে না।”
ইস্ট বেঙ্গলকে শক্তিশালী মানলেও শিষ্যদের জয়ের সূত্র বাতলে দিয়েছেন মানিক; গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেওয়ার চেষ্টার প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, “যদি কষ্ট, চেষ্টা আর আত্মবিশ্বাস থাকে আর সবাই যদি সেরাটা দিতে পারে, তাহলে ওদের বিপক্ষে জেতা সম্ভব।”
