সাফে কঠিন গ্রুপে বাংলাদেশ
২০১৫ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান।
‘বি’ গ্রুপের অপর দুই দল মালদ্বীপ ও ভুটান। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
এই আট দলের মধ্যে ভারত সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে সর্বশেষ তারা সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ২০১১ সালে। সেবারও প্রতিযোগিতাটির আয়োজক ছিল তারা।
১৯৯৯ সালে ফাইনালে খেললেও সেবার শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র শিরোপাটি আসে ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে।
২০০৫ সালেও ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভারতের কাছে ২-০ গোলে হেরে সেবার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে।
বাংলাদেশের গ্রুপে থাকা বাকি তিন দলের মধ্যে আফগানিস্তান ও মালদ্বীপের এই শিরোপা জয়ের অভিজ্ঞতা হয়েছে। গত আসরে নেপালকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে ফেরে আফগানিস্তান। আর মালদ্বীপ তাদের একমাত্র শিরোপা জিতেছিল ২০০৮ সালে।
বাংলাদেশের গ্রুপে তুলনামূলক দুর্বল দল ভুটান। এই প্রতিযোগিতায় দলটির সেরা সাফল্য ২০০৮ সালের সেমি-ফাইনালে খেলা।
ভারতের কেরালায় আগামী ২৩ ডিসেম্বর শুরু হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর শেষ হবে ৩ জানুয়ারি।
