যুবাদের ফুটবল লিগে সেরা শেখ জামাল
বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যুবারা।
শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না বসুন্ধরা কিংসের যুবাদের সামনে। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরালেও পরে আর গোল পায়নি কিংস। ড্র করে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বুধবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। চতুর্থ মিনিটে গোলাম রাব্বীর গোলে এগিয়ে যায় শেখ জামাল। আট মিনিট পর কিংসকে সমতায় ফেরান সাব্বির। বাকি সময়ে কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।
আট ম্যাচে সাত জয় ও এক হারে ২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। এখনও এক ম্যাচ বাকি আছে তাদের। ৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ কিংস।
সাইফ স্পোর্টিং ফুটবল থেকে হঠাৎ করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই প্রতিযোগিতায় তাদের যুব দল খেলতে পারেনি।
পরে ১১ দল নিয়ে এবারের প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও আসর শুরুর দুই দিন আগে সরে দাঁড়ায় উত্তর বারিধারা ক্লাব।
