২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথে ফিরবে আর্সেনাল, বিশ্বাস আর্তেতার

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের ধাক্কা দল সামলে উঠবে বলে মনে করেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 09:10 PM

Updated : 20 Apr 2023, 09:10 PM

টানা দুই ড্রয়ে লাগাম মুঠো থেকে বেরিয়ে যায়নি, তবে আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা পড়ে গেছে শঙ্কার মুখে। কোচ মিকেল আর্তেতার অবশ্য বিশ্বাস, দুঃসময়ের বেড়াজাল টপকে জয়ের পথে ফিরবে তার দল। লিগের মুকুট জয়ের পথেও ছুটবে আগের মতোই।

লিভারপুল ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে সবশেষ দুই লিগ ম্যাচে ড্র করে আর্সেনাল। ওই দুই ম্যাচেই দারুণ শুরুর পর তাদের খেই হারানো দুর্ভাবনার বড় কারণ। উভয় ম্যাচেই প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়ার পর পয়েন্ট হারায় তারা।

তাতে লিগ শিরোপার লড়াইয়ে এতদিন বেশ দূরে থাকা ম্যানচেস্টার সিটি ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে যদিও শীর্ষে আর্সেনাল, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটি ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

শুক্রবার রাত ১টায় নিজেদের পরের ম্যাচে সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে আর্সেনাল। এরপর লড়বে সিটির বিপক্ষে। ইতিহাদ স্টেডিয়ামের আসছে ম্যাচটি লিগ শিরোপার গতিপথ ঠিক করে দিতে পারে।

আর্তেতা আপাতত সাউথ্যাম্পটন ম্যাচ নিয়ে মনোযোগী। ইতিবাচক মানসিকতা আর আত্মবিশ্বাসে এগিয়ে যেতে চান তিনি।

“আমি খুবই আত্মবিশ্বাসী। যা-ই করুন না কেন, সেখানে উত্থান-পতন থাকবে, বিশেষ করে ফুটবলে।”

“লক্ষ্য বা প্রত্যাশা যাই হোক, এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হবে না। সেটা জেনেই আমাদের প্রস্তুত হতে হবে এবং এ সপ্তাহে দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা অবিশ্বাস্যভাবে ইতিবাচক এবং এটা আমরা আগামীকাল রাতেও দেখতে চাই।”

১৯ বছর পর লিগ শিরোপা জয়ের ভুলে যাওয়া ঘ্রাণ পাচ্ছে আর্সেনাল। স্বপ্ন তাড়া করে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছুতে দলকে আরও মরিয়া হতে হবে বলে মনে করেন আর্তেতা।

“হতে পারে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের কিছু পর্যায়ে আমরা খুব বেশি নির্ভার হয়ে পড়েছিলাম। তবে এটা ভিন্ন এক ঘটনা এবং ছেলেরা তা জানে। এ বিষয়গুলো আমাকে তাদের শেখাতে হবে না; কেননা, তারাই এটা বলেছে।”