ইয়ামালের ইতিহাস গড়ার রাতে শেষের গোলে হার এড়াল বার্সা
গ্রানাদার মাঠে আধা ঘন্টার মধ্যে দুই গোল হজমের পর ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট পেয়েছে শাভি এর্নান্দেসের দল।
ম্যাচের ১৭ সেকেন্ডেই বার্সেলোনার জালে বল! আধা ঘন্টা না যেতে আরও একটি। গ্রানাদার মাঠে তাদের হারের শঙ্কা জেঁকে বসেছিল ভালোভাবেই। তবে শেষ সময়ের গোলে লা লিগায় অপরাজেয় ধারা ধরে রেখেছে শাভি এর্নান্দেসের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ২-২ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা। গ্রানাদার ব্রায়ান সারাগোসার জোড়া গোলের পর বার্সেলোনার হয়ে জালের দেখা পান লামিন ইয়ামাল ও সের্হি রবের্তো।
লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েছেন ইয়ামালা (১৬ বছর ৮৭ দিন)।
গ্যালারিতে দর্শকরা নড়েচড়ে বসার আগেই বার্সেলোনাকে স্তব্ধ করে এগিয়ে যায় গ্রানাদা। নিজেদের অর্ধে গাভি বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের কোণাকুনি শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন সারাগোসা।
এই মৌসুমে লা লিগার ম্যাচে দ্রুততম গোল এটি (১৭ সেকেন্ড)।
বল দখলে শুরু থেকে আধিপত্য করা বার্সেলোনা সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। এগিয়ে এসে জোয়াও ফেলিক্সের প্রচেষ্টা রুখে দেন গ্রানাদার গোলরক্ষক আন্দ্রে ফেরেইরা। চার মিনিট পর বক্সের বাইরে থেকে গাভির জোরাল শটও ব্যর্থ করে দেন তিনি।
২৯তম মিনিটে আরেকটি সুযোগ পেয়ে ব্যবধান দ্বিগুণ করে গ্রানাদা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা বার্সেলোনার এক ডিফেন্ডারকে পরাস্ত করেন সারাগোসা। এরপর জায়গা বানিয়ে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
৩৪তম মিনিটে আরেকবার বার্সেলোনার সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান ফেরেইরা। এবার ফেলিক্সের নিচু শট ঠেকান তিনি।
অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় সফরকারীরা। ছয় গজ বক্সের সামনে গ্রানাদার কয়েক ডিফেন্ডার ঘিরে ধরেন ফেলিক্সকে। এই পর্তুগিজ ফরোয়ার্ডের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ইয়ামাল।
ইয়ামালের আগে লা লিগায় সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটি ছিল ফাব্রিস ওলিঙ্গার। ২০১২-১৩ মৌসুমে মালাগার প্রথম ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে বদলি নেমে ক্যামেরুনের এই ফরোয়ার্ড গোল করেছিলেন ১৬ বছর ৯৮ দিন বয়সে।
সমতা টানতে দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা চালায় বার্সেলোনা। ৬৮তম মিনিটে দারুণ একটি সুযোগও এসে যায়। ইলকাই গিনদোয়ানের ক্রস বক্সে পেয়ে রোনাল্দ আরাউহো হেডে পাস দেন গোলমুখে। কিন্তু ফেররান তরেসের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। একটু পর আরাউহোর শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে সমতায় ফেরে বার্সেলোনা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের পাস পেয়ে কাছ থেকে শট নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রবের্তো। বল গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।
৮৮তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান সারাগোসা। তার নিচু শট লাগে পোস্টে।
সাত মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস দূরের পোস্টে পেয়ে হেডে গ্রানাদার জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ফেলিক্স। কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি।
চলতি আসরের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ শীর্ষে আছে।
৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাদা।
