২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন মিউনিখকে রুখে দিল হামবুর্গার

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল ভেসোঁ কম্পানির দল।

বায়ার্ন মিউনিখকে রুখে দিল হামবুর্গার
ঘুরে দাঁড়িয়েও জিততে পারল না বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 01:59 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে জয়ে ফেরার আশা জাগাল বায়ার্ন মিউনিখ। কিন্তু একটু পরেই আবার গোল খেয়ে বসল দলটি। লিগ টেবিলের নিচের দিকের দল হামবুর্গার এসভির কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হারাল মিউনিখের ক্লাবটি।

বুন্ডেসলিগায় শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল তারা।

শীর্ষস্থানে অবশ্য এখনও আগের মতো সুসংহত বায়ার্ন, ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে। সমান ৪২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে বরুশিয়া ডর্টমুন্ড ও হফেনহাইম; ডর্টমুন্ড অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

চলতি আসরে গত সপ্তাহে প্রথম হারের স্বাদ পায় ভেসোঁ কম্পানির দল। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জিতলেও, ঘরোয়া ফুটবলে ফিরে ফের পথহারা বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ৩৪তম মিনিটে ফাবিও ভিয়েইরার সফল স্পট কিকে পিছিয়ে পড়ে বায়ার্ন। আট মিনিট পরেই অবশ্য কাছ থেকে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে তারা।

এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কেইনের গোল হলো ২২টি। 

বিরতির পর খেলা পুনরায় শুরু হতে এগিয়েও যায় দলটি। মাইকেল ওলিসের থ্রু বল ধরে গোলটি করেন লুইস দিয়াস।

গত জুলাইয়ে লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই নিয়ে ক্লাবটির হয়ে ২৯ ম্যাচে ১৫টি গোল করলেন কলম্বিয়ান ফরোয়ার্ড, অ্যাসিস্ট ১২টি। 

তাদের এগিয়ে যাওয়ার আনন্দ খানিক পরেই শেষ হয়ে যায়। ৫৩তম মিনিটে হেডে সমতা টানেন ক্রোয়াট ডিফেন্ডার লুকা ভুসকোভিচ।

১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে হামবুর্গার।