২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ড-নেদারল্যান্ডসের চোটজর্জর লড়াই

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে একাধিক ফুটবলারকে পাচ্ছে না নেদারল্যান্ডস ও পোল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 03:22 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

প্রায় তিন যুগ ধরে ইউরোর শিরোপা জেতে না নেদারল্যান্ডস। আর এখনও প্রথম ট্রফির খোঁজে পোল্যান্ড। আরেকটি টুর্নামেন্ট শুরুর আগে দুই দলেরই চোখ চ্যাম্পিয়নশিপে। তবে তাদের মাথাব্যথার কারণ হয়ে উঠছে চোটের ধাক্কা। 

আগামী রোববার সন্ধ্যায় 'ডি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও নেদারল্যান্ডস। চোট সমস্যা সামলেই ম্যাচটি খেলবে দুই দল। 

টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। প্রথম ম্যাচটি খেলা হবে না দুই পোলিশ স্ট্রাইকার কারল স্ফিদারস্কি ও রবের্ত লেভানদোভস্কির। 

আর আগেই ছিটকে গেছেন রাইট ব্যাক ম্যাটি ক্যাশ ও স্ট্রাইকার আর্কাদিউস মিলিক। দ্বিতীয় ম্যাচের আগেই অবশ্য মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে লেভানদোভস্কি ও স্ফিদারস্কির। 

ডি ইয়ং ছাড়াও নেদারল্যান্ডসের চোটের তালিকায় আছেন মার্টেন ডি রুন, টিউন কুপমেইনার্স ও স্ফেন বটমান। অন্তত চার ফুটবলারকে না পেলেও স্কোয়াডের বাকিদের নিয়ে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান।

“সব মিলিয়ে আমাদের এখনও শক্তিশালী স্কোয়াড আছে। গত এক বছরে কিছু চোটের ব‍্যাপারে আমরা দুর্ভাগা ছিলাম। একইসঙ্গে চোটে পড়া বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের জন্য অনেক মূল্যবান ছিল।”

প্রথম ম্যাচে লেভানদভোস্কিকে না পাওয়া পোল্যান্ডের জন্য বড় ধাক্কা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫০ ম্যাচে ৮২ গোল করেছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। তার অভাব পূরণে দায়িত্ব নিতে হবে বাকিদের। 

লেভানদভোস্কির চোটকে গুরুত্ব না দিয়ে, এটিকে পোল্যান্ডের ‘চালাকি’ বলে মন্তব্য করে বিতর্ক উশকে দিয়েছিলেন কুমান। তবে পোল্যান্ড কোচ মিখান প্রবিয়েশ সাফ জানালেন, এমন কোনো ভাবনাও ছিল না তাদের। 

“আমরা যখন আনুষ্ঠানিকভাবে এমন কিছু (চোটের খবর) জানাই, এর মানে হলো আমরা আমাদের সমর্থকদের সংশয়-অনিশ্চয়তা দূর করছি।”

“তার (কুমান) হয়তো চোটের ব্যাপারে অগাধ জ্ঞান রয়েছে। আমার নেই। আমি শুধু মেডিকেল স্টাফদের ওপর আত্মবিশ্বাসী। কথায় বলে, 'আপনি সত্য বলুন, মানুষ ভাববে মিথ্যা বলছেন।' সেটিই এখানে প্রযোজ্য।”

চোটের ধাক্কা একপাশে রেখে জয়ের জন্য ছুটতে হবে পোল্যান্ড ও নেদারল্যান্ডসকে। সামনের দুই ম্যাচে অস্ট্রিয়া ও ফ্রান্সের মুখোমুখি হতে হবে- তাই রের রাউন্ডে যেতে রোববারের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। 

কাগজে-কলমে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনায় এগিয়ে ফ্রান্স ও নেদারল্যান্ডস। এটিকে নিজেদের পক্ষে ইতিবাচক হিসেবে কাজে লাগাতে চান পোলিশ মিডফিল্ডার ইয়াকুব মদের। 

“আন্ডারডগ হিসেবে দেখাটা আমাদের জন্য সুবিধা হিসেবে কাজ করতে পারে। সবাই মনে করছে ফ্রান্স ও নেদারল্যান্ডস আমাদের গ্রুপের ফেভারিট। যেহেতু খুব কম মানুষ আমাদের হিসেবে রাখছে, তাই আমাদের চাপটাও কম। তাই এখন আমাদের এটি দেখানোর পালা যে, দল হিসেবে আমরাও ভালো।”

পোল্যান্ডের কাজটা অবশ্য সহজ হবে না। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৯৭৯ সাল থেকে জয়ের খোঁজে তারা। এই ৪৫ বছরের মধ্যে ১২ ম্যাচের একটিতেও ডাচদের হারাতে পারেনি তারা। 

ইউরো শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে দুই দলই দুটি করে জয়ে সেরেছে নিজেদের প্রস্তুতি। ইউক্রেইনকে ৩-১ ও তুরস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পোল্যান্ড। কানাডা ও আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।