নেইমারকে নিয়ে মায়ামিতে এমএসএন ত্রয়ীর প্রশ্নে মেসি বললেন, ‘এখন কঠিন’
আপাতত সেই সম্ভাবনা না দেখলেও ভবিষ্যতে যেকোনো কিছু হতে পারে বলে মনে করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা।
লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার এক সময়ের আক্রমণত্রয়ী ক্লাবটির ইতিহাসে সেরা বলে মনে করেন অনেকে। একে একে তিন জনের কাতালান ক্লাবটি ছেড়ে যাওয়ার অনেক বছর হয়ে গেছে। এখন অবশ্য সুয়ারেসের সঙ্গে জুটি বেঁধে ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। নেইমারকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেও কি পুরোনো ‘এমএসএন’ ত্রয়ী সম্ভব? আপাতত তেমন কোনো সম্ভাবনা না দেখলেও ভবিষ্যতে যেকোনো কিছু হতে পারে বলে মনে করছেন আর্জেন্টাইন তারকা।
ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনায় ছিলেন মেসি। ২০১৩-১৪ মৌসুমে সেখানে তার সঙ্গী হন নেইমার। পরের মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন সুয়ারেস। ওই মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখে ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী। পরে আরও দুই মৌসুম তারা খেলেন একসঙ্গে।
এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান নেইমার। ২০১৯-২০ মৌসুমের পর ক্লাবটি সঙ্গে সম্পর্ক চুকেবুকে যায় সুয়ারেসের। আর ২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে ২১ বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টানেন মেসি।
পরে পিএসজিতে মেসি ও নেইমার একসঙ্গে খেলেছেন দুই বছর। গত বছর প্যারিসের ক্লাবটি ছেড়ে নেইমার যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে, মেজর লিগ সকারের দল মায়ামিতে পাড়ি জমান মেসি। পরে সেখানে তার সঙ্গী হন সুয়ারেস।
চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন নেইমার। দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়ে দলটির হয়ে গত মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন বিশ্বকাপ জয়ী মেসি।
“আমরা নিয়মিতই কথা বলি। এমনকি লুইস-সহ আমাদের তিন জনের গ্রুপে কথোপকথন হয়। নেই (নেইমার) নিখুঁতভাবে স্প্যানিশে কথা বলে। ওকে এখানে (মায়ামি) নিয়ে আসার জন্য কোনো বার্তা? না, আমি জানি না। বাস্তবতা হলো বিষয়টি এখন কঠিন।”
“সে সৌদি আরবে আছে এবং আমার মনে হয়, তার চুক্তির এক বছর বাকি আছে। ওর জন্য কঠিন একটি বছর কেটেছে, দীর্ঘদিন ধরে সে চোটে বাইরে। তাই এখন বিষয়টি কঠিন। এরপর কী হবে, জানি না। জীবন এত বাঁক নেয় যে, যেকোনো কিছু ঘটতে পারে, তবে আমি মনে করি, আপাতত হবে না।”
