চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বিভোর বার্সা কোচ
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফিরে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস।
শাভি এরনান্দেসের সামনে গত মৌসুমে বড় চ্যালেঞ্জ ছিল বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরানো। সেই চ্যালেঞ্জ তিনি উতরে যান ভালোভাবেই। আবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় সুযোগ পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তিনি। তবে সেই আনন্দে শুধু বুঁদ হয়ে থাকতে চান না কাতালান ক্লাবটির স্প্যানিশ কোচ। শিরোপা জয়ের ছবি আঁকছেন দলটির সাবেক এই মিডফিল্ডার।
চেক রিপাবলিকের দল ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ আসরে যাত্রা শুরু করবে বার্সেলোনা। কাম্প নউয়ে ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
২০২০-২১ মৌসুমের শেষে লিওনেল মেসি, অঁতোয়ান গ্রিজমান ছাড়াও অভিজ্ঞদের কয়েকজনকে হারিয়ে শক্তি অনেকটাই কমে গিয়েছিল বার্সেলোনার। ২০২১-২২ মৌসুম শুরু হতেই তার প্রভাব দৃশ্যমান হতে শুরু করে। একের পর এক ছন্দহীন পারফরম্যান্সে কেবল পেছনেই হাঁটতে থাকে তারা।
টানা সেই ব্যর্থতায় ২০০০-০১ মৌসুমের পর প্রথমবার তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নেমে যায় ইউরোপা লিগে। ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে তাদের যাত্রা শেষ হয়ে যায় কোয়ার্টার-ফাইনালে। ফলে এবার চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার জন্য লা লিগায় সেরা চারে থাকার কোনো বিকল্প ছিল না দলটির সামনে। দুইয়ে থেকে সেই লক্ষ্য পূরণ করে শাভির দল।
গত বছরের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন শাভি। এর পরপরই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল দলটি। তবে নিজের ছাপ রাখতে দেরি করেননি শাভি। গত জানুয়ারির শেষ দিক থেকে আবার চেনা রুপে ফিরতে শুরু করে বার্সেলোনা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গ্রুপটাকে বলা হচ্ছে মৃত্যুকূপ। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান আছে এই গ্রুপে।
ফলে শেষ ষোলোয় ওঠা বড় চ্যালেঞ্জ হতে পারে বার্সেলোনার জন্য। তবে প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শাভি বললেন, শিরোপা ছাড়া কোনো কিছু ভাবছেন না তিনি।
“মূল লক্ষ্য হলো শিরোপা এবং আগামীকাল ৩ পয়েন্ট অর্জন করা। লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া, তারপর দেখা যাক কী হয়। ঘরের মাঠে প্রথম ৩ পয়েন্ট নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”
“আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছি। তা না হলে আমি এখানে থাকতাম না, বাড়িতে থাকতাম। আমি জয় ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবতে পারি না।”
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা তাদের পাঁচ শিরোপার সবশেষটি জিতেছে ২০১৫ সালের ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে।
ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে শতভাগ সাফল্য আছে বার্সেলোনার। ২০১১-১২ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে ২-০ গোলে জয়ের পর প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছিল স্প্যানিশ দলটি। প্লাজেন শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও তাদের নিয়ে সতর্ক শাভি।
“আবার এই প্রতিযোগিতায় খেলতে পারাটা সম্মানের। তারা শারীরিকভাবে খুব শক্ত প্রতিপক্ষ, তাদের খেলোয়াড়রা অনেক দৌড়ায়, পাল্টা আক্রমণে ভালো এবং খুব ভালোভাবে রক্ষণ সামলায়। সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছি আমরা, তবে শুরুটা ভালো করতে চাই।”
স্কোয়াডের শক্তি বাড়াতে গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা মোটা অঙ্কের অর্থ খরচ করে দলে টানে রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, জুল কুন্দের মতো খেলোয়াড়দের। নতুন ঠিকানায় নিজেদের সামর্থ্যের প্রমাণও দিচ্ছেন তারা।
লা লিগায় গত শনিবার সেভিয়ার বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন লেভানদোভস্কি ও রাফিনিয়া। জোড়া অ্যাসিস্ট করেন কুন্দে।
পোলিশ তারকা লেভানদোভস্কি সবশেষ তিন ম্যাচে করেছেন পাঁচ গোল। গোলশূন্য ড্রয়ে লিগ শুরু করা বার্সেলোনা পরের তিন ম্যাচে জিতেছে ৪-১, ৪-০ ও ৩-০ গোলে।
বর্তমান স্কোয়াডকে নিজেদের ইতিহাসের সেরা হিসেবে দেখছেন শাভি। একই সঙ্গে শিষ্যদের সেটা মাঠে প্রমাণের তাগিদ দিলেন তিনি।
“আমি বলতে পারি, আমাদের ইতিহাসের সেরা স্কোয়াড আছে...মাঠে গিয়ে নিজেদের সেটা প্রমাণ করতে হবে। মৌসুম শেষে এটি মূল্যায়ন করার আরও ভালো সময়।”
