লা লিগার মৌসুম-সেরা হয়ে বেলিংহ্যাম বললেন, ‘বিশ্বের সেরা ক্লাবে খেলতে পারাই তৃপ্তির’
অভিষেক মৌসুমেই লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন রেয়াল মাদ্রিদের এই তরুণ ফুটবলার।
অভিষেক মৌসুমেই বাজিমাত। রেয়াল মাদ্রিদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লা লিগার মৌসুম-সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন জুড বেলিংহ্যাম। ভোটে সেরা নির্বাচিত হওয়ার পর ২০ বছর বয়সী এই ফুটবলার কৃতজ্ঞতা জানালেন তার সতীর্থ, কোচিং স্টাফ ও ক্লাবের সমর্থকদের প্রতি। রেয়ালের হয়ে খেলতে পারার উচ্ছ্বাসও তুলে ধরলেন তিনি।
গত মৌসুম বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বুন্ডেসলিগার মৌসুম-সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। এবার নতুন ক্লাবে, নতুন লিগেও তিনি ধরে রাখলেন সেই সাফল্য।
চার ম্যাচ বাকি রেখেই এবার লা লিগা জিতে নেয় রেয়াল মাদ্রিদ। স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবের এটি ৩৬তম লিগ শিরোপা। দলের এই সাফল্যে বড় অবদান রাখেন বেলিংহ্যাম।
কারিম বেনজেমার বিদায়ের পর ভালো মানের কোনো ফরোয়ার্ড দলে যোগ করেনি রেয়াল। স্রেফ ধারে আনা হয় হোসেলুকে, মূলত বদলি হিসেবে খেলানোর জন্য। আক্রমণভাগের সেরা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র বেশ লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। চোট-জর্জর রক্ষণভাগ তো মৌসুমজুড়েই চালাতে হয়েছে জোড়াতালি দিয়ে। তারপরও লিগ জিতেছে রেয়াল, ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের। সাফল্যময় এই পথচলায় দারুণ পারফরম্যান্সে উদ্ভাসিত ছিলেন বেলিংহ্যাম।
লা লিগায় এবার ২৮ ম্যাচ খেলে ১৯ গোল করেন ইংলিশ এই তারকা, গোলে সহায়তা করেন ছয়টি। সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালে প্রথম মৌসুমে তার গোল ২৩টি, গোলে সহায়তা করেছেন ১২টিতে।
অসাধারণ এই পারফরম্যান্স তাকে এনে দিয়েছে মৌসুম-সেরার স্বীকৃতি। সবগুলি ক্লাবের অধিনায়ক, বিশেষজ্ঞ প্যানেল ও সমর্থকদের ভোটে নির্বাচিত করা হয় সেরা ফুটবলারকে। ভোটে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ভিনিসিউস জুনিয়র, আতলেতিকো মাদ্রিদের অভিজ্ঞ তারকা অঁতোয়ান গ্রিজমান, জিরোনার ফরোয়ার্ড আর্তেম দোভিক ও বার্সেলোনার ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কিকে। লা লিগায় অভিষেক মৌসুমেই ২৪ গোল করে এবারে লিগের সর্বোচ্চ গোলস্কোরার ইউক্রেইনের ফরোয়ার্ড দোভিক। কিন্তু বেলিংহ্যামের সঙ্গে পেরে ওঠেননি সেরার লড়াইয়ে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় মঙ্গলবার পুরস্কার বিতরণী আয়োজনে থাকতে পারেননি বেলিংহ্যাম। তবে স্বীকৃতি পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
“আমার এই অর্জন উৎসর্গ করতে চাই আমার সতীর্থ ও কোচিং স্টাফদের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বের সেরা ক্লাবের সমর্থকদের। এই দলে প্রতিটি বার খেলতে পারাই আমার জন্য তৃপ্তির।”
