২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিমিয়ার লিগে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ’

অন্যান্য প্রতিযোগিতায় শেষ পর্যন্ত শিরোপার জন্য লড়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 12:44 AM

Updated : 10 Oct 2022, 02:13 AM

প্রিমিয়ার লিগে একের পর এক বাজে পারফরম্যান্সে দুঃসময়ের বলয়ে আটকে আছে লিভারপুল। গত মৌসুমে শেষ রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে থাকা দলটি এবার যেন ছুটছে উল্টো রথে। পয়েন্ট টেবিলের ওপরের দিকের দলগুলির সঙ্গে তাদের ব্যবধান ক্রমেই বাড়ছে। বাস্তবতা মেনে নিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বললেন, লিগে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আর নেই। তবে অন্যান্য প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যেতে চান তিনি। 

চলতি মৌসুমে লিগে লিভারপুলের দুঃস্বপ্নের যাত্রায় সর্বশেষ সংযোজন রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচ। প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে হেরে গেছে অ্যানফিল্ডের দলটি। 

লিগে প্রথম আট ম্যাচে লিভারপুলের জয় কেবল দুটি। ১০ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ১০ নম্বরে।   

২০১০-১১ মৌসুমের পর এই প্রথম লিগে নিজেদের প্রথম চারটি অ্যাওয়ে ম্যাচ জিততে ব্যর্থ হলো তারা। এর মধ্যে হার দুটি, ড্র দুটি। 

৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। এবার শিরোপা লড়াইয়ে এই দুই দলকেই মনে করা হচ্ছে ফেভারিট। 

দল দুটির সঙ্গে লিভারপুলের পয়েন্টের ব্যবধান ঘোচানো বেশ কঠিন। ক্লপ তো আর্সেনাল ম্যাচের আগেই বলে দেন, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখেন না তিনি। 

“এই অবস্থা থেকে আমাদের পক্ষে সত্যিই বিশেষ কিছু করার সুযোগ আছে। তবে আমরা মৌসুমের শেষে চ্যাম্পিয়ন হব, এই অবস্থায় মনে হচ্ছে কি? দুর্ভাগ্যবশত নয়। কিন্তু অন্য সব প্রতিযোগিতা থেকে আমরা এখনও ছিটকে যাইনি।” 

কঠিন সময় থেকে ঘুরে দাঁড়িয়ে এই মৌসুমে যতটা সম্ভব ভালো অবস্থানে থেকে লিগ থেকে শেষ করতে চান লিভারপুল কোচ। 

“এখনও কেউ জানে না আমরা লিগে কোথায় গিয়ে শেষ করব, তাই একটা চেষ্টা করাই যায়। কাজটা কঠিন? হ্যাঁ। অসম্ভব? না। এতটুকুই যথেষ্ট।” 

“আমি কি ভেবেছিলাম সাত রাউন্ডের পর আমরা নবম স্থানে থাকব?...আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।”