২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে পুলিশকে হারাল মোহামেডান

ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি পুলিশ এফসির।

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে পুলিশকে হারাল মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 05:26 PM

Updated : 20 Jan 2024, 08:35 PM

পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুতই সামলে নিল পুলিশ এফসি। ছন্দ ধরে রেখে মোহামেডানও ছড়ি ঘোরাতে থাকল। তাতে দুই দলের লড়াইয়ে ছড়াল দারুণ রোমাঞ্চ। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল মোহামেডান। 

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসিকে ৩-২ গোলে হারায় মোহামেডান।

জাফর ইকবাল জয়ীদের এগিয়ে নেওয়ার পর মাতেও পালাসিওস সমতা ফেরান। মোজাফফর মোজাফফরভ ও সুলেমানে দিয়াবাতের গোলে ফের ম্যাচে চালকের আসনে বসে ‘সাদাকালো’ জার্সিধারীরা। শেষ দিকে শাহেদ হোসেন ফের ব্যবধান কমিয়ে নতুন রোমাঞ্চ জাগায়। 

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। শীর্ষে থাকা কিংসের সঙ্গে তারা ব্যবধান কমিয়ে আনল ২ পয়েন্টে। আর ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল পুলিশ এফসি। 

ডান দিক দিয়ে দিয়াবাতের নৈপুণ্যে আক্রমণ শাণানো মোহামেডান এগিয়ে যায় ২৭তম মিনিটে। দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মালির এই ফরোয়ার্ড, দূরের পোস্টে জাফর হেডে খুঁজে নেন ঠিকানা। 

পালাসিওসের দৃষ্টিনন্দন গোলে ৩৪তম মিনিটে সমতায় ফেরে পুলিশ এফসি। বক্সের বাইরে থেকে কলম্বিয়ান মিডফিল্ডারের বাঁকানো ফ্রি কিকের নাগাল ঝাঁপিয়েও পাননি গোলরক্ষক সুজন হোসেন। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়ায় মোহামেডান। ৭০তম মিনিটে প্রতিপক্ষের ভুল ব্যাক পাস থেকে বল পেয়ে যান দিয়াবাতে। অধিনায়কের বাড়ানো বল পেয়ে বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ভলিতে মোহামেডানকে ফের এগিয়ে নেন মোজাফফরভ। 

আট মিনিট পর ব্যবধান আরও বাড়ান দিয়াবাতে। মোজাফফরভের লং পাস ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররা; পোস্ট ছেড়ে বেরিয়ে এসে গোলরক্ষক আহসান হাবিবের বিপদমুক্ত করার চেষ্টাও হয়নি সফল। নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন দিয়াবাতে। 

৮৪তম মিনিটে শাহেদ হোসেন ভাইভিং হেডে লক্ষ্যভেদ করলে আবার জমে ওঠে লড়াই। কিন্তু বাকি সময়ে সমতায় ফেরা গোলের দেখা পায়নি তারা। ফলে আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে জয়ে ফেরা পুলিশ এফসি ফেরে খালি হাতেই। 

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে গিয়েও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফলে চার ম্যাচে জয়হীন থাকল গোপীবাগের দলটি। 

৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ব্রাদার্স। জয়হীন থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্টও ২; গোল পার্থক্যে তারা লিগ টেবিলে আছে ব্রাদার্সের চেয়ে একধাপ উপরে; নবম স্থানে।