২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে ফুটবল একাডেমিতে কাজ করবেন ক্রুস

বুটজোড়া তুলে রাখার পরের পথচলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন এই জার্মান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 08:45 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন কদিন আগে; আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে প্রতিযোগিতামূলক ফুটবলের পাট চুকিয়ে দেবেন টনি ক্রুস। এর পরের পথচলার পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন এই জার্মান মিডফিল্ডার। 

সে পরিকল্পনায় কাজ শুরুর কথা রয়েছে মাদ্রিদের একটি ফুটবল একাডেমিতে। তবে পরিষ্কার জানিয়ে দিলেন, ফুটবল ক্যারিয়ারের মতো ব্যস্ত হতে একসঙ্গে অনেক প্রকল্প হাতে নিবেন না কোনোভাবেই।

আপাতত ক্রুসের ব্যস্ততা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে, তাদের মাঠে আগামী ১৪ জুন থেকে শুরু হবে এই আসর। সম্প্রতি জার্মান পত্রিকা কিকার’কে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা, জার্মানির ইউরো জয়ের সম্ভাবনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন ক্রুস।

গত মাসেই ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রেয়ালের হয়ে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলকে বিদায় বলেছিলেন ক্রুস। জার্মানির হয়ে বুটজোড়া তিনি কবে তুলে রাখবেন, তা নির্ভর করছে ইউরোতে তার দল কতদূর যায়, তার ওপর। এরপরই সক্রিয় ফুটবলার হিসেবে পথচলা থামবে ক্রুসের। শুরু হবে নতুন পথচলাও। ক্রুসও সবকিছু ভেবে রেখেছেন।

“এ (শেষ ম্যাচ) নিয়ে আমি খুবই সচেতন (হাসি)। কিন্তু এতে আমি খুব চিন্তিত বা ভীত নই। শেষের দিন গননা শুরু হয়ে গেছে এবং রেয়াল মাদ্রিদের হয়ে যেভাবে শেষের ম্যাচগুলো খেলেছিলাম, একইভাবে জার্মানির হয়ে খেলতে চাই, সম্ভাব্য সেরা সাফল্য পেতে চাই।” 

“হ্যাঁ, ফুটবলকে বিদায় দেওয়ার দুঃখ থাকবে; এমন মুহূর্তগুলো থাকবে। তবে আমি একটা বিষয়ে স্পষ্ট যে, ফুটবল খেলার জন্য যতটা করেছি, নিজের মেধা আমি জীবনের আর কোনো ধাপে সেটা অতটা বিকশিত করব না।”

সামনের দিনগুলোতে পরিবারকে সময় দিতে চান ক্রুস। কাজ করতে চান ভাইয়ের পডকাস্টে, রেয়ালের একাডেমিতেও।

“মূলত পরিবার নিয়েই থাকব। আমার ভাই ফেলিক্সের সঙ্গে পডকাস্ট চালিয়ে যাব এবং মাদ্রিদের একাডেমিতে কাজ করব। সেপ্টেম্বরের শুরুতে আইকন লিগও (নতুন ফুটসাল ফরম্যাটে) শুরু হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সক্রিয় ফুটবলার হিসেবে যতটা ব্যস্ত ছিলাম, ততটা ব্যস্ত হতে আমি একসঙ্গে ১৮টি প্রকল্পে যুক্ত হবো না।”

কদিন আগেই রেয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ক্রুসের সিদ্ধান্ত বদলের অপেক্ষায় আছেন তিনি। কিন্তু এই জার্মান মিডফিল্ডার জানালেন বুটজোড়া তুলে রাখার পরিকল্পনা তিনি সাজিয়ে রেখেছেন যেভাবে, সেখানে ফেরার সম্ভাবনা নেই।

“কীভাবে লোকে আমাকে স্মরণ করবে, এ নিয়ে আমার চাওয়াটা সাধারণ। আমি চাই ৩৪ বছর বয়সী টনি ক্রুস রেয়ালের হয়ে চূড়ান্ত পর্যায়ে তার সেরা মৌসুমটা খেলেছে, এভাবে লোকে আমাকে স্মরণ করুক। আমি সেটা করেছি। আমি এটাকে প্রশংসা হিসেবে বিবেচনা করি যে, লোকে ভাববে, ক্রুসের বিদায়ের মুহূর্তটা বেশিই আগেভাগে চলে এলো।”

এখন তার শেষটা রাঙানোর পালা। জার্মানির জার্সিতে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন। ইউরো ট্রফি এখনও অধরা। এবার ‘ইউরো চ্যাম্পিয়ন কে হবে’, প্রশ্নের উত্তর এক শব্দে দিয়েছেন তিনি, “জার্মানি।”