‘সবসময় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার স্বপ্ন দেখেছি’
শিরোপা লড়াইয়ের মঞ্চে একটি সেকেন্ডও নষ্ট করতে চান না রেয়াল মাদ্রিদ তারকা।
ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার অপেক্ষায় জুড বেলিংহ্যাম। স্বাভাবিকভাবে দারুণ রোমাঞ্চিত রেয়াল মাদ্রিদ তারকা। ইংলিশ এই মিডফিল্ডার বললেন, মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনালে খেলার স্বপ্ন সারাজীবনই দেখে এসেছেন তিনি। এ কারণেই তিনি নাম লিখিয়েছেন ইউরোপের সফলতম ক্লাবটিতে।
গত বছরের জুনে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে পা রাখার পর দ্রুতই দলের ভরসা হয়ে উঠেছেন বেলিংহ্যাম। এই মৌসুমে দলের লা লিগা শিরোপা জয়ে তার আছে বড় অবদান। ১৯ গোল করে লিগে দলের সর্বোচ্চ স্কোরার তিনিই।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষেই খেলতে হবে তাকে। আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে নামবে রেয়াল।
লড়াইটা ডর্টমুন্ডের বিপক্ষে বলে বেলিংহ্যামের জন্য তা বিশেষ কিছু। তবে এখানে আবেগের কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
“আমার জন্য খুব স্পেশাল ম্যাচ এটি। আমাদের আবেগকে একপাশে রাখার চেষ্টা করতে হবে। রেয়াল মাদ্রিদে প্রথম মৌসুমটা দারুণ কাটছে। সবাই আমাকে ভালোভাবে স্বাগত জানিয়েছে, আমার সতীর্থদের সঙ্গে খেলাটা আনন্দের।”
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচ খেলে ৪টি গোল করেছেন বেলিংহ্যাম। যদিও নকআউট পর্বে এখনও জালের দেখা পাননি তিনি।
ফাইনালে তিনি গোল পাবেন কি-না, সেটা সময়ই বলবে। তবে সোমবার রেয়াল মাদ্রিদ টিভিকে ২০ বছর বয়সী ফুটবলার বললেন, একটি সেকেন্ডও নষ্ট করতে চান না তিনি।
“আমি সত্যিই রোমাঞ্চিত। এটি এমন একটি ম্যাচ, যার স্বপ্ন ফুটবল খেলা শুরু করার পর থেকে দেখছি। এই সুযোগটা কী, আমি বুঝি…একটি সেকেন্ডও আমি নষ্ট করতে চাই না। সারাটা জীবন এই ম্যাচের স্বপ্ন দেখেছি।”
"আমি সবসময় যতটা সম্ভব বড় স্বপ্ন দেখি। সর্বোচ্চ স্তরে খেলতে চেয়েছি, কঠোর পরিশ্রম করেছি, তবে ভাগ্যের সহায়তাও পেয়েছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।”
রেয়াল চ্যাম্পিয়ন্স লিগ জিতলে বেলিংহ্যাম ও তার সতীর্থ ভিনিসিউস জুনিয়র এই বছরের ব্যালন দ’র জয়ের পথে অনেকটা এগিয়ে যাবেন বলে মনে করছে অনেকেই।
এই ফাইনাল দিয়ে রেয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানবেন দলটির অনেক সাফল্যের নায়ক টনি ক্রুস। জার্মান মিডফিল্ডারের জন্যই ট্রফি জিততে চান ভিনিসিউস।
“টনির জন্য আমি (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনাল জিততে চাই, (ব্রাজিলের হয়ে) কোপা আমেরিকা এবং ব্যালন দ’র জিততে চাই। এটা তার শেষ মৌসুম। আমাদের টনির জন্য খেলতে হবে, দলের হয়ে এটি তার শেষ ম্যাচ। একজন খেলোয়াড়ের চেয়েও ভালো মানুষ তিনি।”
