২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমি-আশরাফুলদের ইউরোপে খেলানোর প্রতিশ্রুতি দিলেন গেরহার্ড

এক বছরের জন্য এই জার্মান কোচকে টেকনিক্যাল ডিরেক্টর পদের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 06:46 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

মৌখিকভাবে সবকিছুই পাকাপাকি। আরেকটু আলোচনার পর চূড়ান্তভাবে বাংলাদেশ হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেবেন পিটার গেরহার্ড। জার্মান এই কোচ বাংলাদেশের হকিতে নতুন মুখ নন; আগেও ছিলেন দায়িত্বে। এবার নতুন দায়িত্বের আনুষ্ঠানিকতা সারার আগেই সংবাদ সম্মেলনে এসে জানালেন তার ভাবনা। জিমি-আশরাফুলদের জন্য ইউরোপের হকির দরজা আরও ভালোভাবে উন্মুক্ত করে দিতে চান তিনি।

হঠাৎ করেই কদিন আগে ফেডারেশন জানায় গেরহার্ডকে টেকনিক্যাল দায়িত্ব দেওয়ার আগ্রহের কথা। এই জার্মান ২০০৯ সালে ছিলেন জাতীয় দলের কোচ; তার হাত ধরে ২০১০ এসএ গেমসে অংশ নেয় বাংলাদেশ। ২০১৬ সালে দ্বিতীয় দফায় ফের দায়িত্বে আসেন তিনি। মোহামেডান ও মেরিনার ইয়াংস- ঘরোয়া হকির এই দুই বড় দলের কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

ফেডারেশন ভবনে বুধবার সংবাদ সম্মেলনে গেরহার্ড তুলে ধরলেন তার আগামীর পরিকল্পনা। অতীত অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি খেলোয়াড়দের জন্য ইউরোপের হকির দুয়ার খুলে দেওয়ার লক্ষ্য তার।

“দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমরা সিদ্ধান্তে পৌঁছেছি কী কী আমাদের করতে হবে। সাফল্য পাওয়ার ব্যাপারে আমি অনেক আশাবাদী এবার। এই মুহূর্তে তিনজন খেলোয়াড় জার্মানিতে লিগ খেলছে (রোমান হোসেন, সোহানুর রহমান সবুজ ও মাহবুব হোসেন)। তারা অনেক ভালো খেলছে এবং বিভিন্ন ক্লাব তাদের ব্যাপারে জানতে চাইছে। তারা বাংলাদেশের হকির বড় দূত হিসেবে সেখানে কাজ করছে।”

“অন্য ক্লাবগুলোও আমার কাছে জানতে চেয়েছে আরও খেলোয়াড় আনা সম্ভব কী না। আমি বলেছি সম্ভব। জার্মানিতে সুবিধা হচ্ছে, সেখানে সাতটি দলে ভাগ হয়ে ছেলেরা সাত জন আলাদা আলাদা কোচের কোচিংয়ে খেলার সুযোগ পাবে। ফলে তারা সেই কোচদের কাছ থেকেও শিখতে পারবে। ক্লাবের অনুশীলনের ফাঁকে আমরা সকালে ওদের অনুশীলন করানোর সুযোগ পাব একসঙ্গে। কারণ ক্লাবগুলো একই এলাকায়। তারা প্রতিদিন সকালে এসে কাজ করতে পারবে, আত্মস্থ হতে পারবে আমাদের দর্শনের সঙ্গে। এছাড়া প্রতি বুধবার আমরা প্রস্তুতি ম্যাচ খেলব বিভিন্ন ক্লাবের সঙ্গে।”

হকির উন্নয়নে গেরহার্ডের পরিকল্পনায় খুশি ফেডারেশন। চেনা-জানা কারো হাতে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেওয়ার ভাবনা ছিল বলে জানালেন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ।

“আমরা এমন একজনকে খুজছিলাম যার বাংলাদেশ সম্পর্কে ধারণা রয়েছে। তার মাধ্যমে খেলোয়াড়রা এখনও ইউরোপে খেলছে। সে আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে থাকলে সেই সুযোগ আরও বাড়বে। তাই তাকে বেছে নেওয়া হয়েছে।”

“আমাদের খেলোয়াড়রা ইউরোপে খেলছে বিচ্ছিন্নভাবে। সামনে বছরে ৪০-৫০ জন ইউরোপে জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইতালিতে খেলার ও অনুশীলনের সুযোগ পাবে বলে আশা করি আমি।”