২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের বিদায়ী ম্যাচে ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি

ঘরোয়া ‘ট্রেবল’ জিতে মৌসুম শেষ করল লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2024, 03:46 AM

Updated : 26 Aug 2026, 09:38 AM

প্রথমার্ধে দুই গোল করে নিয়ন্ত্রণ নিল পিএসজি। বিরতির পর একটি শোধ করে লড়াই জমিয়ে তুলল অলিম্পিক লিওঁ। বাকি সময়ে অবশ্য আর কিছু করে দেখাতে পারল না তারা। ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়ে, ঘরোয়া ‘ট্রেবল’ জয়ের আনন্দে মৌসুম শেষ করল লুইস এনরিকের দল।  

ফাইনালে শনিবার রাতে লিওঁকে ২-১ গোলে হারায় পিএসজি। 

ফরাসি কাপে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগে থেকে পিএসজির। ১৫তম ট্রফি জিতে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা।

প্যারিসের ক্লাবটির হয়ে এটিই ছিল কিলিয়ান এমবাপের শেষ ম্যাচ। শেষটায় গোলের দেখা না পেলেও শিরোপা জিতেই বিদায় নিলেন বিশ্বকাপ জয়ী তারকা।

সাত বছরে পিএসজির জার্সিতে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন এমবাপে। আগামী মৌসুমে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে পারে রেয়াল মাদ্রিদ।

এবারের মৌসুমে এর আগে ফরাসি সুপার কাপ ও লিগ আঁ শিরোপা ঘরে তুলেছে পিএসজি।

লিওঁর বিপক্ষে ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ান ফবিয়ান রুইস। ৫৩তম মিনিটে লিওঁর ও’ব্রায়েন ব্যবধান কমালেও বাকি সময়ে সমতা ফেরানো গোলের দেখা পায়নি তারা।