২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ম্যাগুইয়ারকে অসম্মান করছে ইউনাইটেড'

ইংলিশ ডিফেন্ডারকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন রিও ফার্ডিন্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 09:36 PM

Updated : 10 Jan 2023, 09:36 PM

কাতার বিশ্বকাপে ভালো খেলে এরিক টেন হাগের প্রশংসা কুড়িয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার। তবে বিশ্ব সেরার মঞ্চ থেকে ফেরার পর ক্লাবের হয়ে সেভাবে খেলারই সুযোগ মিলছে না এই ডিফেন্ডারের। ক্লাবটির সাবেক ফুটবলার রিও ফার্ডিন্যান্ড মনে করেন, এটি ইংলিশ ফুটবলারের প্রতি অসম্মান এবং এই এজন্য তার ঠিকানা পরিবর্তন করা উচিত।

চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পযন্ত ৬টি ম্যাচ খেলেছেন ম্যাগুইয়ার। আর বিশ্বকাপের পর খেলেছেন কেবল একটি ম্যাচ। যদিও ইংল্যান্ডের হয়ে ভালো খেলার পর ধারণা করা হয়েছিল, টেন হাগের দলে নিয়মিত হবেন তিনি, কিন্তু তা হয়নি।

ম্যাগুইয়ারকে না খেলিয়ে টেন হাগ বরং পজিশন বদলে লেফট-ব্যাক লুক শ’কে খেলাচ্ছেন সেন্টার-ব্যাক হিসেবে। এতে জোরাল হচ্ছে জানুয়ারির দলবদলে ২৯ বছর বয়সী এই ফুটবলারের অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার গুঞ্জন।

ফার্ডিন্যান্ড মনে করেন, ক্লাব ছাড়াই উচিত হবে ম্যাগুইয়ার। নিজের ইউটিউব চ্যানেল ভাইব উইথ ফাইভ-এ সম্প্রতি সাবেক ইংল্যান্ডের এই ডিফেন্ডার বলেন, যথাযথ সম্মান দেখানো হয়নি ম্যাগুয়ারের প্রতি।

“আপনি যদি (হ্যারি ম্যাগুইয়ার) হন, তাহলে আপনাকে এখনই ক্লাব ছাড়তে হবে। তার পরিবর্তে লুক শ সেন্টার-ব্যাক হিসেবে খেলছে।”

“এটা অনেকটা আমার বিশ্বকাপের পর ক্লাবে ফিরে যাওয়া, ভালো খেলা, আমি সত্যিই ভালো করেছি সবাই এটা বলা এবং এরপর (আমার বদলে) পাত্রিস এভরার সেন্টার-ব্যাকে খেলার মতো। (ম্যাগুইয়ারের জায়গায়) আমি থাকলে আমি সরাসরি কোচের অফিসে গিয়ে বলতাম, 'আপনি আমাকে অসম্মান করছেন।'”