২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডকে কক্ষপথে ফেরাতে প্রত্যয়ী টেন হাগ

কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার জন্য নিজেকেই সঠিক ব্যক্তি মনে করছেন এই ডাচ কোচ।

ইউনাইটেডকে কক্ষপথে ফেরাতে প্রত্যয়ী টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 03:57 PM

Updated : 31 Dec 2023, 03:57 PM

ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বছরের শেষ ম্যাচেও তাদের সঙ্গী হয়েছে হারের বিষাদ। তবে দুঃসময় পেছনে ফেলে দলকে কক্ষপথে ফেরাতে দৃঢ় প্রত্যয়ী এরিক টেন হাগ। এর জন্য নিজেকেই সঠিক ব্যক্তি মনে করছেন এই ডাচ কোচ। 

প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-১ গোলে হারে ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯৯৪ সালের পর নটিংহ্যামের বিপক্ষে তাদের প্রথম হার এটি। 

১৯৮৯-৯০ মৌসুমের পর এই প্রথম লিগের প্রথম ২০ ম্যাচের ৯টিতে হারল ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ২৮ ম্যাচে তাদের হার ১৪টি, যা ১৯৩০-৩১ মৌসুমের পর কোনো একটি মৌসুমে নতুন বছরে যাওয়ার আগে তাদের সবচেয়ে বেশি হার। 

চলতি মৌসুমে এরই মধ্যে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া ইউনাইটেড প্রিমিয়ার লিগে ৩১ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে, শীর্ষ চার থেকে তারা পিছিয়ে ৯ পয়েন্টে। 

সম্প্রতি ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানা কিনে নেওয়া আইএনইওএস গ্রুপ হয়তো ক্লাবের ফুটবল কাঠামোয় বদল আনতে পারে। প্রতিষ্ঠানটির ক্রীড়া পরিচালক ডেভ ব্রেইলসফোর্ড থাকতে পারেন ক্লাবের তিন জনের বোর্ডে। নটিংহ্যামের বিপক্ষে হতাশার হারটি তিনি দেখেছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে বসে। 

টেন হাগ অবশ্য আশাবাদী, ক্লাবের সবার সমর্থন তিনি পাবেন এবং দলকে দুঃসময় থেকে বের করে আনবেন। 

"অবশ্যই তারা (আইএনইওএস) আমাকে চেনে এবং তারা জানে আমার পূর্ণাঙ্গ স্কোয়াড প্রস্তুত থাকলে ফল আসবে। আমরা এরই মধ্যে শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রমাণ করেছি যে, আমরা তাদের সঙ্গে সমান তালে লড়তে পারি।” 

“আমি নিশ্চিত এবং আমার দৃঢ় বিশ্বাস, আমরা উন্নতি করতে পারব এবং এই মুহূর্তের চেয়ে আরও বেশি ধারাবাহিক হতে পারব। এটি একটি পরিকল্পনার অংশ। আমি জানি, চোটে পড়া খেলোয়াড়রা যখন ফিরবে, তখন এই দল আরও শক্তিশালী হবে।” 

লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর গত রাউন্ডে এই মৌসুমের চমক অ্যাস্টন ভিলাকে হারায় ইউনাইটেড। এরপরই আবার ছন্দপতন। টেন হাগও মেনে নিলেন, তাদের বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। 

“একটি বিষয় পরিষ্কার, আমরা ধারাবাহিক নই। আমরা লিগের সেরা দলগুলোকে হারাতে পারি, কিন্তু আমরা অন্যদের বিপক্ষেও হারি। আজ তেমনই একটি হলো।”