'সাবেকদের সমালোচনা ইউনাইটেড খেলোয়াড়দের চাপে ফেলে দেয়'
তবে নেভিল-কিন-ফার্ডিন্যান্ডরা ক্লাবের ভালো চান বলেই কঠিন সব মন্তব্য করেন বলে মত এরিক টেন হাগের।
মাঠের পারফরম্যান্স ভালো না হলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেকরা প্রায়ই দলের সমালোচনা করেন। বিষয়টি খেলোয়াড়দের আরও চাপ ফেলে দেয় বলে মত এরিক টেন হাগের। ডাচ কোচ মনে করেন, সমালোচনা তার খেলোয়াড়দের কাজ কঠিন করে তোলে।
২০১৩ সালে কোচের পদ থেকে স্যার অ্যালেক্স ফার্গুসন সরে যাওয়ার পর থেকে নিজেদের হারিয়ে খুঁজছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগের সফল ও ঐতিহ্যবাহী ক্লাবটি সবশেষ কোনো শিরোপা জিতেছে ২০১৭ সালে।
গ্যারি নেভিল, রয় কিন, পল স্কোলস, রিও ফার্ডিন্যান্ড এবং পিটার স্মাইকেলের মতো ইউনাইটেডের সাবেক খেলোয়াড়রা এখন কাজ করেন বিভিন্ন সংবাদমাধ্যমে। দীর্ঘ শিরোপা খরা ও দলের বাজে পারফরম্যান্সের জন্য নিয়মিতই ক্লাবের সমালোচনা করতে দেখা যায় তাদের।
তবে ইউরোপা লিগে নকআউট পর্বের প্লে-অফের দ্বিতীয় লেগের পর সাবেকদের প্রশংসায় ভাসছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে গত বৃহস্পতিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারায় টেন হাগের দল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় জায়গা করে নেয় ম্যানচেস্টারের ক্লাবটি।
ওই ম্যাচের পর সাবেক ডাচ গোলরক্ষক স্মাইকেল ইউনাইটেডের পারফরম্যান্সকে 'ভিনটেজ স্যার অ্যালেক্স ফার্গুসন' নাম দিয়ে আগের ওই দলের সঙ্গে তুলনা করেন। প্রশংসায় মাতেন নেভিল, ফার্ডিন্যান্ডরাও।
এবার ইউনাইটেডের সামনে লিগ কাপের ফাইনাল পরীক্ষা। রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে তারা। এই লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে টেন হাগ তুলে ধরেন সাবেক খেলোয়াড়দের সমালোচনার প্রভাবের দিকটি। তবে সাবেক আয়াক্স কোচ এটাও মনে করেন যে, ক্লাবের ভালো চান বলেই তারা কঠিন মন্তব্য করে থাকেন।
“কখনও কখনও এখনকার খেলোয়াড়দের জন্য বিষয়টা কঠিন হয়ে ওঠে, কারণ (ক্লাবের) অতীতে দারুণ সব সাফল্যের উদাহরণ রয়েছে; অনেক উজ্জ্বল ইতিহাস আছে, যা সাবেক খেলোয়াড়রা তৈরি করেছেন এবং আমি সেই খেলোয়াড়দের ভাবনা বুঝতে পারি, কারণ তারা ক্লাবকে ভালোবাসে, এটি তাদের জীবনেরই অংশ।”
“তারা যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, সেটার (ভালো চেয়ে) প্রায়ই সমালোচনা করে, তাই আমি বিষয়টা বুঝতে পারি। তবে কখনও কখনও এগুলো খেলোয়াড়দের প্রভাবিত করে। আমি অবশ্য এটাও বুঝি যে এই বিষয়গুলো আমাদের কাজের অংশ, সমালোচনা সয়েই চলতে হবে এবং বিষয়টিকে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে দেখতে হবে।”
