ইপিএলের শিরোপা দৌড়ে অন্যদের সতর্ক করলেন সিটি কোচ
পেপ গুয়ার্দিওলা বলেছেন, তাদের হিসাবের বাইরে রাখা হবে ভুল।
প্রিমিয়ার লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। কেউ কেউ মনে করছেন শিরোপা লড়াই থেকে বেশ দূরে সরে গেছে দলটি। তাদের সাবধান করে দিয়ে কোচ পেপ গুয়ার্দিওলা বলেছেন, সিটিকে হিসাবের বাইরে রাখা হবে ভুল।
সবশেষ মৌসুমেটা স্বপ্নের মত কাটায় সিটি। জিতে নেয় নিজেদের ইতিহাসের প্রথম ট্রেবল। এরপর চলতি বছর আরও যোগ হয় উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।
গুয়ার্দিওলা সিটির কোচ হওয়ার পর থেকে ক্লাবটি সবচেয়ে বেশি সফলতা পেয়েছে প্রিমিয়ার লিগে। সবশেষ ছয় বছরে তারা এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছে পাঁচবার।
এরপরও কেউ কেউ এই মৌসুমে সিটির ফের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সন্দিহান। ১৭ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গুয়ার্দিওলার দল। লিগে নিজেদের সবশেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে শিরোপাধারীরা।
তবে এতে চিন্তার কিছু দেখছেন না গুয়ার্দিওলা। সিটির পরের ম্যাচ আগামী বুধবার, এভারটনের বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই স্প্যানিয়ার্ড বলেছেন, তাদের কাছে সবার প্রত্যাশা বেড়ে যাওয়াতেই ছন্দপতন হলে এত আলোচনা হয়।
“এটাই মূল ব্যাপার। আপনি যখন জিতবেন না, তখন আপনি কিছুই নন, শূন্য… আপনি যত বেশি জিতবেন, তারা তত বেশি করে চাইবে যাতে আপনি ব্যর্থ হন। কিন্তু আমরা যে শিরোপাগুলো জিতেছি, তা অবিশ্বাস্য।”
“যে মুহূর্তে আপনি জিতবেন না, তখনই সন্দেহ তৈরি হবে, তবে সেটা ভালো দিক। এটা ঠিক আছে। (আমাদের নিয়ে) আবার সন্দেহ করুন। আমরা দেখব কী হয়। গত আট বছরে আমরা যে সেরা মানে খেলেছি, এখনও সেভাবেই খেলেছি। কিন্তু আমরা জিততে পারিনি, তাই এটি একটা সংকট, একটি বিপর্যয়।”
