৩৫ বছর বয়সে চেলসিতে ওয়েলবেক
চমকপ্রদ দলবদলে চেলসিতে নাম লেখালেন ইংলিশ প্রিমিয়ার লিগে ৪০০ ম্যাচ খেলা ফরোয়ার্ড।
৩৫ বছর বয়সে শীর্ষ ক্লাবগুলোয় ফেরার নজির ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা নেই। ড্যানি ওয়েলবেক সেখানে উজ্জ্বল এক ব্যতিক্রমী নজির গড়লেন। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে দুই বছরের চুক্তিতে চেলসিতে পাড়ি জমালেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে ৪০০ ম্যাচ খেলা ফুটবলারের চুক্তির আর্থিক বিষয়াদি প্রকাশ করা হয়নি।
ওয়েলবেকের এই দলবদল বেশ বড় চমকই বলতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে খুব বেশি আলোচনা শোনা যায়নি। এর চেয়েও বড় কথা, চেলসির গত কয়েক বছরের ধারার উল্টো এটি। গত তিন-চার মৌসুমে তরুণদের নিয়ে দল গড়ার কৌশলই ছিল ক্লাবটির। মূলত ২৫ বছরের কম বয়সীদেরই দলে নিয়েছে তারা।
চেলসির নতুন কোচ শাবি আলোন্সো অবশ্য আগেই বলেছিলেন, স্কোয়াডে আরও বেশি ভারসাম্য চান তিনি।
দেড় যুগের ক্যারিয়ারে প্রায় গোধূলি বেলায় এমন বড় একটি ক্লাবে জায়গা করে নিতে পেরে নতুন করে জ্বলে ওঠার তাগিদ অনুভব করছেন ওয়েলবেক।
“চেলসির মতো ক্লাবের আগ্রহের কথা শোনার পর অপরিসীম এক গর্ব ভেতরটা ভরিয়ে দেয়। চেলসির ইতিহাস সম্পর্কে জানি বলেই বলতে পারি, এই ক্লাব সবসময় ট্রফি জিততে চায় এবং প্রতি মৌসুমেই তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।
এমন একটি রোমাঞ্চকর সময়ে মর্যাদার এই ক্লাবে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত। এখানকার কয়েকজন ফুটবলারকে আগে থেকেই চিনি এবং ম্যানেজারের সঙ্গে আমার চমৎকার কথা হয়েছে। এর মধ্যেই বিশেষ সম্পৃক্ততা অনুভব করছি। আমার ভেতরে সেই আগুন জ্বলছে এবং এই ক্লাবের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত, যাতে চেলসির সবাইকে এবং সমর্থকদের গর্বিত করতে পারি।”
ওয়েলবেকের জন্ম ম্যানচেস্টারে। ঘানার বাবা-মায়ের সন্তান বেড়ে ওঠেন এই শহরেই। ১১ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দিয়ে ফুটবলের পথে তার বিচরণের শুরু। এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক ২০০৮ সালে। ধারে খেলেছেন প্রেস্টন নর্থ এন্ড ও সান্ডারল্যান্ডে। পরে ২০১৪ সালে পাড়ি জমান আর্সেনালে।
সেখানে পাঁচ বছর থেকে পরের মৌসুমে খেলেন ওয়াটফোর্ডে। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি ২০২০ সালে ব্রাইটনে যাওয়ার পর। সেখানে ছয় বছর থেকে এবার ছুটবেন নতুন অভিযানে। গত মৌসুমে ব্রাইটনের হয়ে ১৩টি গোল করেছিলেন তিনি।
গত মৌসুমে দশম হওয়া চেলসি নতুন মৌসুম শুরু করবে ২৪ অগাস্ট ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে।
