একুয়েডরের বিপক্ষে মেসি খেলবেন, তবে…
কোপা আমেরিকার আগে দুই প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ক্লাব ইন্টার মায়ামিতে খেলার সময় সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগেছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার আগে একুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচে তার খেলা নিয়ে তাই তৈরি হয় শঙ্কা। তবে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে লিওনেল স্কালোনি জানিয়েছেন, এই ম্যাচে মাঠে দেখা যাবে মেসিকে। আটবারের ব্যালন দ’র জয়ীকে কতক্ষণ খেলাবেন, তা নিয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি আর্জেন্টিনা কোচ।
যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় প্রীতি ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, কোপা আমেরিকার জন্য খেলোয়াড়দের সুস্থ থাকা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে এগোতে চান তারা।
“দর্শকরা আগামীকাল মেসির খেলা দেখতে পাবে। সে নিশ্চিতভাবেই কিছু সময়ের জন্য খেলবে। কাকে কত মিনিট সময় দেওয়া যায়, তা নিয়ে আমরা সতর্কতার সঙ্গে ভাবছি, যেন কোপা আমেরিকায় প্রথম ম্যাচের জন্য সবাই সুস্থ থাকে।”
“আমার মনে হয় মেসি খেলবে। আমি জানি না সে কি পুরো ম্যাচ খেলবে, ৩০ মিনিট খেলবে, নাকি ৬০ মিনিট খেলবে। কিন্তু লোকে তাকে দেখতে পাবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”
আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে পারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে।
মেসি শুরু থেকে না খেললে আক্রমণভাগে একাদশে থাকতে পারেন লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস। যদিও স্কালোনি জানিয়েছেন, এখনও শুরুর একাদশে চূড়ান্ত করেননি তারা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে, ওয়াশিংটন ডিসিতে গুয়াতেমালার বিপক্ষে।
