২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লিভারপুল ছেড়ে ব্রাইটনে মিলনার

এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিজ্ঞ এই ইংলিশ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 10:27 PM

Updated : 14 Jun 2023, 10:30 PM

নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন জেমস মিলনার। লিভারপুল থেকে এক বছরের চুক্তিতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগের দুই ক্লাবের পক্ষ থেকেই বুধবার বিষয়টি জানানো হয়েছে। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে মিলনারকে দলে টেনেছে ব্রাইটন। আগামী মাসে নতুন দলে যোগ দেবেন তিনি।

চলতি মাসে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩৭ বছর বয়সী মিলনারের। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩২ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ।

২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে ষষ্ঠ হয় ব্রাইটন। আগামী মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলবে তারা। 

২০০২ সালে লিডস ইউনাইটেডের হয়ে অভিষেকের পর থেকে ইংল্যান্ডের শীর্ষ লিগে নিয়মিত মুখ মিলনার। প্রিমিয়ার লিগে ৬১৯ ম্যাচ খেলেছেন তিনি। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল গ্যারেথ ব্যারি (৬৫২) ও রায়ন গিগস (৬৩২)।