২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চোখে আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট

একই সঙ্গে দলকে সতর্কও করলেন আর্জেন্টিনা অধিনায়ক, ‘এখন দক্ষিণ আমেরিকার অন্য দলগুলোও খুব শক্তিশালী।’

মেসির চোখে আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট
জাতীয় দলের অনুশীলনে লিওনেল মেসি। ছবি: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 07:58 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

লিওনেল মেসির কাঁধে চেপে আগেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন এখন তারা। ইতিহাস-ঐতিহ্যে অবশ্য দলটি বরাবরই সমীহ জাগানো। আরেকটি কোপা আমেরিকা শুরুর দুই সপ্তাহ আগে অধিনায়ক মেসিও যেমন বললেন, যে টুর্নামেন্টই হোক না কেন, আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার।

২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে এই প্রতিযোগিতায় রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর যা ছিল তাদের প্রথম কোনো শিরোপা।

পরের বছর ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ওয়েম্বলিতে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় ফিনালিস্সিমা ট্রফি। একই বছরে তারা পায় আরও বড় সাফল্য; ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তৃতীয়বারের মতো, ১৯৮৬ সালের পর প্রথম।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের কোপা আমেরিকা। তার আগে শুক্রবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বললেন, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা। তবে কাজটা যে সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিলেন ইন্টার মায়ামির তারকা। 

“আমি মনে করি আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট। আমরা যখন সবকিছু জিতিনি, তখনও আর্জেন্টিনা সবসময় ফেভারিট ছিল। যখন একটি চ্যাম্পিয়নশিপ শুরু হয়, সেটা বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা বা অন্য কিছু, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এই কোপা আমেরিকায় শিরোপার দাবিদার।”

“দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী। উরুগুয়ে খুব ভালো দল, কলম্বিয়া, একুয়েডরও তাই। সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যায়, তবে আমি মনে করি কোপা আমেরিকায় লড়াইটা হবে সমানে সমান।”

উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।