ফের হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে জেমস
ইংলিশ ডিফেন্ডারের সম্ভাব্য মাঠে ফেরার দিনক্ষণের ব্যাপারে কিছু জানায়নি চেলসি।
চোটের কারণে চলতি মৌসুমেই মাঠের বাইরে ছিলেন অনেকটা সময়। ফেরার পর কয়েকটি ম্যাচ খেলে আবার নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটের শিকার হয়ে ছিটকে গেছেন রিস জেমস।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মঙ্গলবার খবরটি জানায় চেলসি। জেমস কবে ফিরতে পারেন, সেই ব্যাপারে কিছু বলা হয়নি।
হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণেই কয়েক মাস বাইরে থাকার পর গত অক্টোবরে মাঠে ফেরেন জেমস। গত রোববার এভারটনের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়েই নতুন করে চোট পান এই ইংলিশ ডিফেন্ডার।
বারবার চোটের ধাক্কায় সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে এই মৌসুমে কেবল ৮টি ম্যাচ খেলেতে পেরেছেন জেমস।
চেলসির একাডেমিতে বেড়ে ওঠা জেমসের সিনিয়র দলে অভিষেক হয় ২০১৯ সালে। লন্ডনের ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন ১৪৬টি।
প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে থাকা চেলসির পরের ম্যাচ আগামী শনিবার, লিগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।
