ইনস্টাগ্রামে যোগ দিয়েই ঝড় তুললেন ‘দা নরমাল ওয়ান’
সামাজিক মাধ্যমের প্রতি অনুরাগ না থাকলেও লিভারপুল ছাড়ার ঠিক আগে ইনস্টাগ্রামে যাত্রা শুরু করলেন ইয়ুর্গেন ক্লপ, কয়েক ঘণ্টায় তার অনুসারী ছাড়িয়ে গেল ১০ লাখ।
বিদায়ের প্রহরেই নতুন শুরু! সামাজিক মাধ্যমের প্রতি খুব একটা অনুরাগ কখনোই ছিল না ইয়ুর্গেন ক্লপের। বরং সবসময় বলতেন, এসবের জন্য তিনি ‘একটু বেশিই বুড়ো।’ কিন্তু লিভারপুল ছেড়ে যাওয়ার ঠিক আগে যাত্রা শুরু করলেন তিনি ইনস্টাগ্রামে। সামাজিক মাধ্যমের দুনিয়ার আলোড়নও পড়ে গেল দ্রুত। কয়েক ঘণ্টায় অনুসারী ছাড়িয়ে গেল ১০ লাখ।
লিভারপুল কোচের ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইলে নাম ‘ক্লপো।’ এই প্রতিবেদন লেখার সময় ২৪ ঘণ্টা হয়নি তার অ্যাকাউন্টের বয়স। অনুসারী ১৩ লাখের বেশি।
২০২০ সালে তিনি বলেছিলেন, সামাজিক মাধ্যমের কিছুই তিনি বোঝেন না। এসবের মধ্যে তার ইচ্ছেও নেই। তবে ৫৬ বছর বয়সে তিনি নাম লেখালেন এই দুনিয়ায়।
তার প্রোফাইলের বর্ণনায় লেখা আছে ‘দা নরমাল ওয়ান।’ ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ‘স্পেশাল ওয়ান’ হতে পারবেন কি না। তিনি হেসে বলেছিলেন, ‘আমি একদমই নরমাল একজন… দা নরমাল ওয়ান।’
তখন থেকে তার পরিচয় এটিই। ইনস্টাগ্রামেও সেই পরিচয়ই ধরে রাখলেন তিনি।
ইনস্টাগ্রামে তার প্রথম পোস্ট লিভারপুলে তার পুরো ভ্রমণ নিয়ে একটি স্মৃতিচারণার ভিডিও এবং বিদায়ী বার্তা। সেখানেই তিনি তুলে ধরলেন, লিভারপুলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্যই সামাজিক মাধ্যমের আশ্রয় নিলেন তিনি।
“অসাধারণ এই জায়গাটি ছেড়ে যাওয়া খুব কঠিন। তবে আমি আপনাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। যদিও আমি ঠিক সামাজিক মাধ্যম উপযোগী মানুষ নই, লোকে আমাকে বলত যে, সামাজিক মাধ্যম এখানে সহায়তা করেই। তো, এই শুরু হলো…দেখা হবে!”
গত জানুয়ারিতে আচমকাই ক্লপ ঘোষণা দেন, এই মৌসুম শেষেই তিনি ছেড়ে যাবেন ক্লাব। ২০১৫ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রায় ৯ বছরে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তার কোচিংয়েই বহু বছরের আক্ষেপ ঘুচিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জয় করেছে লিভারপুল। এছাড়াও ক্লাবকে তিনি এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, রানার্স আপ হয়েছেন দুবার। দুটি লিগ কাপ, একটি করে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জয় করেছেন তিনি।
সব মিলিয়ে লিভারপুলের হয়ে তার প্রায় ৫০০ ম্যাচের পথচলা থেমে যাবে রোববার।
