পর্তুগালকে হারিয়ে বৃত্ত ভাঙল ক্রোয়েশিয়া
দ্বিতীয়ার্ধে দিয়োগো জটা বদলি হিসেবে নামার একটু পরই পর্তুগালকে সমতায় ফেরান; কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।
গত ম্যাচে স্কোয়াডেই ছিলেন না, আর এবার দলে থাকলেও পুরোটা সময় বেঞ্চে বসে কাটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। আক্রমণভাগে তার অভাব পূরণ করতে পারল না কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়োগো জটার গোলে সমতায় ফিরলেও, হার এড়াতে পারেনি পর্তুগাল। প্রথমবারের মতো পর্তুগিজদের বিপক্ষে জয়ের উৎসব ক্রোয়েশিয়া সারল পর্তুগালের মাঠেই।
স্তাদিও নাসিওনালে শনিবারের প্রীতি ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের পেনাল্টি গোলে পিছিয়ে পড়া দলকে বদলি হিসেবে নেমে সমতায় ফিরিয়েছিলেন জটা। পরে ক্রোয়াটদের জয়সূচক গোলটি করেন আন্তে বুদিমির।
দুই দলের আগের সাত দেখায় পর্তুগালের ছিল একচ্ছত্র আধিপত্য; ছয় জয় ও একটি ড্র। না পারার সে বৃত্ত এবার ভাঙল ক্রোয়েশিয়া। আসছে ইউরো চ্যাম্পিয়নশিপের আগে সঞ্চয় করে নিল বাড়তি আত্মবিশ্বাসও।
প্রথমার্ধে দুই দলই বলের নিয়ন্ত্রণে ছিল প্রায় সমানে সমান। তবে আক্রমণে ক্রোয়েশিয়ার ধারেকাছে ছিল না পর্তুগাল। শাণানো ৫টি আক্রমণের একটিও পোস্টে রাখতে পারেনি তারা। অন্যদিকে, ১১টি আক্রমণের তিনটি লক্ষ্যে রাখে ক্রোয়াটরা।
পর্তুগালকে কখনই হারাতে না পারা ক্রোয়েশিয়া শুরু থেকে খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। অষ্টম মিনিটে মদ্রিচের সফল স্পট কিকে এগিয়েও যায় তারা। মাতেও কোভাসিচকে বক্সে ভিতিনিয়া ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। একটু পরই ব্যবধান হতে পারত দ্বিগুণ। লোভরো মাইয়েরের বুলেট শট ফিস্ট করে ফেরান দিয়োগো কস্তা।
বিরতির আগে ব্যবধান বাড়াতে পর্তুগালের রক্ষণে চাপ বাড়াতে থাকে ক্রোয়েশিয়া। সুযোগও তৈরি করতে থাকে তারা। কিন্তু ৩৪তম মিনিটে ইয়োশকো ভার্দিওলের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে অল্পের জন্য বাইরের যায়। মদ্রিচের কর্নারে ভার্দিওলের হেডও ক্রসবারের একটু ওপর দিয়ে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধের শুরুতে গনসালো রামোসের বদলি নামার তিন মিনিটের মধ্যে সমতা টানেন জটা। ৪৮তম মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের শট জাল খুঁজে নেন তিনি। একটু পর ব্রুনো ফের্নান্দেসের শট রক্ষণে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি পর্তুগালের।
তাদের স্বস্তি উবে যায় ৫৬তম মিনিটে। বক্সের ঠিক ওপর থেকে মারিও পাসালিচের বুলেট গতির শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসার পর ছুটে গিয়ে ফিরতি হেডে বল জালে জড়িয়ে দেন বুদিমির।
দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠা পর্তুগালের হতাশা বাড়ে ৬৮তম মিনিটে। ব্রুনো সিলভার শট গোলরক্ষক ঝাঁপিয়ে কোনোমতে আটকান। এরপর রুবেন দিয়াসের হেডও লক্ষ্যভ্রষ্ট হলে ইউরোর দিন কয়েক হারের হতাশায় মাঠ ছাড়তে হয় পর্তুগালের।
আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ‘বি’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন, ইতালি ও আলবেনিয়া। তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ জুন পথচলা শুরু করবে ক্রোয়াটরা।
১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।
