প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার চলতি মাসে জিতেছেন দুটি পুরস্কার।
দুর্দান্ত এক মৌসুম কাটছে ফিল ফোডেনের। দ্যুতিময় পারফরম্যান্সে একের পর এক পুরস্কার জিতছেন তিনি। এবার পেয়েছেন প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর স্বীকৃতি। মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ মিডফিল্ডার।
২০২৩-২৪ আসরে সেরা খেলোয়াড় হিসেবে ফোডেনের নাম শনিবার ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ।
চলতি মাসের শুরুতে আরেকটি পুরস্কার পান ফোডেন। তাকে বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত করে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)।
চলতি মৌসুমে সিটির আক্রমণভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন ফোডেন। কখনও কেভিন ডে ব্রুইনের সঙ্গে, কখনও আবার আর্লিং হলান্ডের সঙ্গে মিলে প্রায় ম্যাচেই তিনি গড়ে তুলছেন ভয়ঙ্কর জুটি। গড়ে দিচ্ছেন ব্যবধান।
টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পথে আছে সিটি। ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। শিরোপা ভাগ্য নির্ধারণ হবে শেষ রাউন্ডে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে রোববার মৌসুমের শেষ লিগ ম্যাচে লড়বে পেপ গুয়ার্দিওলার দল।
সিটির এই পথচলায় বড় ভূমিকা রেখেছেন ২৩ বছর বয়সী ফোডেন। লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন তিনি। একই সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছে আটটি গোল।
প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পুরস্কার এনিয়ে টানা পঞ্চমবার জিতল সিটির খেলোয়াড়রা। ফোডেনের আগে একবার করে রুবেন দিয়াস ও আর্লিং হলান্ড এবং ডে ব্রুইনে জিতেছেন দুইবার।
