জোড়া রেকর্ডের পর এবার শিরোপায় নজর রোনালদোর
কিংস কাপে আল হিলালকে হারিয়ে আল নাস্রের জার্সিতে এই অপূর্ণতা ঘোচাতে চান পর্তুগিজ তারকা।
সৌদি প্রো লিগে শেষটা জয় দিয়ে এবং রেকর্ড গড়ে করতে পারায় দারুণ খুশি ক্রিস্তিয়ানো রোনালদো। জাতীয় দলে যোগ দেওয়ার আগে ক্লাব আল নাস্রের হয়ে মৌসুমের শেষ ম্যাচে এবার ট্রফি উঁচিয়ে ধরতে চান পর্তুগিজ মহাতারকা।
সৌদি লিগের মৌসুমের শেষ দিনে সোমবার আল ইত্তিহাদকে ৪-২ ব্যবধানে হারানোর ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করেন রোনালদো। গড়েন জোড়া রেকর্ড।
এবারের লিগে সর্বোচ্চ গোলস্কোরার হওয়া আগেই নিশ্চিত করেন রোনালদো। শেষ ম্যাচের দুই গোলে ছাড়িয়ে গেলেন সৌদি লিগের ইতিহাসে সবাইকে। ৩৫ গোল করে প্রতিযোগিতাটির ৪৮ বছরের ইতিহাসে গড়লেন এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এই ক্লাবের হয়েই ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন মরক্কোর ফরোয়ার্ড আব্দেররাজ্জাক হামাদাল্লাহ।
এবার ৩১ ম্যাচে ৩৫ গোল করার পথে রোনালদো হ্যাটট্রিক করেছেন চারটি, পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট। সেই সঙ্গে ভিন্ন চারটি লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার হওয়ার কীর্তি গড়লেন তিনি; ইউরোপের তিন শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আর পর এবার সৌদি প্রো লিগে।
গত বছর জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই এখানে আলো ছড়াচ্ছেন রোনালদো। প্রথম পূর্ণাঙ্গ মৌসুমের শেষটায় দারুণ দুটি রেকর্ড গড়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ইনস্টাগ্রাম বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
“আমি রেকর্ডের লক্ষ্যে খেলি না। রেকর্ডই আমাকে অনুসরণ করে।”
লক্ষ্য এবার দলকে শিরোপা জেতানোর। আল ইত্তিহাদের বিপক্ষে জয়ের পর এসএসসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেই আশার কথাই শোনালেন তিনি।
“আমি খুব খুশি। প্রথম দল জয় পাওয়ায় এবং লিগ ভালোভাবে শেষ করায়। আর লিগে আমি গোলের রেকর্ড ভাঙতে পেরেছি বলে, আমাকে স্বীকার করতেই হবে যে এটা আমাকে আনন্দ দিয়েছে, আমি এটা প্রত্যাশা করিনি।”
“আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। সবসময়ই অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। আমরা ভালো অবস্থায় আছি। আমরা লিগ ভালোভাবে শেষ করতে পেরেছি। এখন আমাদের কিংস কাপ জিততে হবে।”
চলতি মৌসুমে এখনও কোনো শিরোপা জিততে পারেনি রোনালদোর দল। লিগে তারা রানার্সআপ হয়েছে বটে, তবে চ্যাম্পিয়ন আল হিলালের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে থেকে।
আগামী শুক্রবার কিংস কাপের ফাইনালে এই আল হিলালের বিপক্ষে খেলবে আল নাস্র।
