‘ইতিহাসের বইয়ে এখন আমাদের নাম’
জোড়া গোলের আলো ছড়ানো ফিল ফোডেন টানা চার প্রিমিয়ার জয়ের কীর্তি গড়ার আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না।
বছর কয়েক আগেও কারো ভাবনার চৌহদ্দিতে এমন কিছু ছিল কি-না সঃন্দেহ! তা, না থাকারই কথা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো দলই যে টানা চার মৌসুম শিরোপা জিততে পারেনি। অবিশ্বাস্য, অভাবনীয় সেই কীর্তি গড়েছে ম্যানচেস্টার সিটি। দলটির ফরোয়ার্ড ফিল ফোডেন তাই অনুভব করতে পারছেন বিষয়গুলো, কিন্তু প্রকাশের ভাষা যেন জানা নেই তার।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন হয় সিটি।
এমন দাপুটে জয়ের ম্যাচের সুর বেঁধে দেন ফোডেন; দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। মোহামেদ কুদুসের গোলে ওয়েস্ট হ্যাম ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়েছিল বটে, কিন্তু আগ্রাসী সিটি লক্ষ্যেই থাকে ৫৯তম মিনিটে রদ্রি জালের দেখা পেলে।
ম্যাচ জুড়ে গ্যালারি ছিল উৎসবমুখর। শেষের বাঁশি বাজার সাথে তা উন্মাতাল হয়ে ওঠে। প্রতিক্রিয়া দিতে গিয়ে আবেগে, উচ্ছ্বাসে ভাষা হারিয়ে ফেলেন ফোডেনও।
“আমরা আজ যেটা করেছি, সেটা ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন। কোনো দল কখনই এটা (টানা চার লিগ শিরোপা জয়) পারেনি। ইতিহাসের বইয়ে নিজেদের নাম তুলেছি আমরা। আপনারা দেখছেন, এ মুহূর্তে সমর্থকদের কাছে এবং আমাদের খেলোয়াড়, যারা বছর জুড়ে পরিশ্রম করেছে, তাদের কাছে এর অর্থ কী। সমর্থকদের সাথে ভাগাভাগি করা বিশেষ মুহূর্ত এটি।”
“আমি মনে করি, প্রিমিয়ার লিগে টানা চার বার জেতা, যে কাজটি অতীতে কোনো দল কখনই করতে পারেনি, সেটা করতে পারার মানে হচ্ছে, আমরা সেই পর্যায়েই (সর্বকালের সেরা দল) আছি। সত্যি বলতে আমরা স্রেফ নিঃশেষ হয়ে গেছি (আনন্দ প্রকাশের শক্তি হারিয়ে ফেলেছি)!”
শেষ রাউন্ডেও ছিল নাটকীয়তা। আর্সেনাল পিছু লেগে ছিল। ফলে কিছুটা স্নায়ু চাপ ছিল পেপ গুয়ার্দিওলার দলের উপর। লিগ টেবিলেও এই ওঠা-নামার খেলা চলছিল বেশ কয়েক রাউন্ড ধরে। ফোডেন জানালেন, আগের পরিস্থিতিগুলো স্নায়ু চাপ সামলে নিতে সাহায্য করেছিল। নিজের জোড়া গোল নিয়েও দারুণ তৃপ্ত তিনি।
“কেবল আমি নই, বছর জুড়ে দলের সবাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলেছে এবং মাঝেমধ্যে এমন স্নায়ু চাপের মুহূর্তের মধ্য দিয়ে গেছে, যেটি আমাদের নিশ্চিতভাবেই স্নায়ুকে সাহায্য করেছে। শেষ পর্যন্ত এর প্রতিদানও পাওয়া হলো।”
“প্রায় নিখুঁত শুরু পেলাম। মাঝেমধ্যে একটু আগেভাগে গোল পাওয়ার আত্মবিশ্বাস কাজ করে। সৌভাগ্যপ্রসূতভাবে দ্বিতীয় গোলটিও আমি পেলাম এবং সেটা আমাদেরকে আরও বেশি থিতু করল।”
গত মৌসুমে সিটির হয়ে ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বাদ পেয়েছেন ফোডেন। এ মৌসুমে পেলেন টানা চার শিরোপা জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়ার আনন্দ। প্রাপ্তির এই স্রোতে সামনের সময়েও ভাসতে চান তিনি।
“শিরোপা জিততে কখনও ক্লান্ত লাগে না আমার। আপনিও এই অনুভূতি সবসময় পেতে চাইবেন। কোনো কিছু জয়ের চেয়ে ভালো কোনো অনুভূতি নেই। তাই যত পারি জয়ের ধারায় থাকতে চাই আমি।”
