২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ শিরোপা জয়ের বছরের শেষটা জয়ে রাঙাল ম্যানচেস্টার সিটি

দুই ধাপ পিছিয়ে লিগ টেবিলে চার নম্বরে নেমে গেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 10:55 PM

Updated : 30 Dec 2023, 11:15 PM

শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে আক্রমণের ঝড় তুলতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে অনায়াস জয় ঠিকই পেল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রদ্রির গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস।

প্রায় দুই মাসের মধ্যে এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা একাধিক জয় পেল সিটি। পাঁচ শিরোপা জয়ের বছরটা শেষ করল হাসিমুখে।

এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। ১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪০।

একই সময়ে শুরু আরেক ম্যাচে বার্নলিকে ৩-২ গোলে হারানো অ্যাস্টন ভিলা উঠেছে দুইয়ে। ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে দলটির পয়েন্ট ৪২। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লিভারপুল, ইয়ুর্গেন ক্লপের দল একটি ম্যাচ কম খেলেছে।

আর দুই ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে যাওয়া আর্সেনালের অর্জন ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট।

লিগ টেবিলের তলানির দলের বিপক্ষে শুরুতেই গোল পেয়ে যায় সিটি। ফিল ফোডেনের ছোট পাস প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণে নেন রদ্রি। এরপর কোনোরকম বাধা ছাড়াই এগিয়ে ডি-বক্সের মুখ থেকে নিচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

প্রথমার্ধের ৮০ শতাংশ সময় বল দখলে রাখে সিটি। এগিয়ে যাওয়ার পরের ১০ মিনিটেও আক্রমণে চাপ ধরে রাখে স্বাগতিকরা। এরপর তাদের খেলায় একটু গতি কমে। বিরতির আগে নিশ্চিত কোনো সুযোগও আর তৈরি করতে পারেনি তার। 

৪১তম মিনিটে সিটির বক্সে ভীতি ছড়ায় শেফিল্ড। তবে উইলিয়াম ওসুলার শট কর্নারের বিনিময়ে রুখে দেন সুইস ডিফেন্ডার মানুয়েল আকঞ্জি।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন ফোডেন। তবে শেফিল্ড গোলরক্ষক দ্রুত এগিয়ে দলকে বিপদমুক্ত করেন। পরের মিনিটে বক্সের মধ্যে থেকে উড়িয়ে মেরে হতাশ করেন হুলিয়ান আলভারেস।

সাত মিনিট পরেই অবশ্য গোল পেয়ে যান আলভারেস। সতীর্থের পাস ডি-বক্সে ধরে গোলমুখে বাড়ান ফোডেন, আর ছুটে গিয়ে টোকায় বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গত বুধবার এভারটনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেন আলভারেস।

৭৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন ফোডেন। তবে গোলরক্ষকের নাগালের বাইরে শট নিতে পারেননি তিনি। ১০ মিনিট পর এই ইংলিশ মিডফিল্ডারের আরেকটি শট রক্ষণে প্রতিহত হলে ব্যবধান আর বাড়েনি।

দিনের আরেক ম্যাচে লুটন টাউনের মাঠে ৩-২ গোলে জিতেছে চেলসি। ২০ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা।