২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর বাছাইয়ে একই গ্রুপে ইতালি ও ইংল্যান্ড

‘সি গ্রুপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গী উত্তর মেসিডোনিয়া, ইউক্রেইন ও মাল্টা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 08:34 PM

Updated : 09 Oct 2022, 08:57 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে ফাইনাল খেলা দুই দলের এবার দেখা হয়ে যাচ্ছে পরের আসরের বাছাইপর্বেই। ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের বাছাইয়ে ‘সি’ গ্রুপে পড়েছে চ্যাম্পিয়ন ইতালি ও ইংল্যান্ড।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে রোববার ইউরো ২০২৪-এর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী উত্তর মেসিডোনিয়া, ইউক্রেইন ও মাল্টা।

গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ইতালি। পরবর্তী আসরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই দুই পরাশক্তিকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে উত্তর মেসিডোনিয়া ও ইউক্রেইন। কাতার বিশ্বকাপের বাছাইয়ে প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেই বাদ পড়ে ইতালিকে। আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইউক্রেইন বরাবরই কঠিন প্রতিপক্ষ।

তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে দুইবারের ইউরো জয়ী স্পেন। ‘এ’ গ্রুপে তাদের চার প্রতিপক্ষ স্কটল্যান্ড, নরওয়ে, সাইপ্রাস, জর্জিয়া। ‘বি’ গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গী নেদারল্যান্ডস। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ও গ্যারেথ বেলের ওয়েলস রয়েছে গ্রুপ ‘ডি’-তে।

২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল আছে ‘জে’ গ্রুপে। এই গ্রুপের অন্য পাঁচ দল বসনিয়া, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া ও লিখটেনস্টাইন।

দশ গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

তিনটি দল জার্মানির টিকেট পাবে প্লে-অফের মাধ্যমে। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি টুর্নামেন্টে অংশ নেবে জার্মানি।

আগামী বছরের মার্চে শুরু হয়ে বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে।