১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের জন্য সেরাটা ‘জমিয়ে রেখেছেন’ এমবাপে

টানা তিন ম্যাচে গোল না পাওয়া তারকাকে নিয়ে একদমই চিন্তিত নন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

বিশ্বকাপের জন্য সেরাটা ‘জমিয়ে রেখেছেন’ এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 05:49 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ফ্রান্সের হয়ে টানা তিন ম্যাচে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। তবে এই তারকাকে নিয়ে একদমই উদ্বিগ্ন নন দিদিয়ে দেশম। রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মজা করে কোচকে বলেছেন, বিশ্বকাপের জন্য নিজের সেরাটা জমিয়ে রেখেছেন তিনি।

বিশ্বকাপের জন্য রওনা হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতিমূলক ম্যাচে সোমবার লিলে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারায় ফ্রান্স। দারুণ এক হ্যাটট্রিক করে সব আলো কেড়ে নেন মাইকেল ওলিসে।

বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি এমবাপে। ৯৮টি আন্তর্জাতিক ম্যাচে ৫৬টি গোল করা ফ্রান্স অধিনায়কের জন্য তিন ম্যাচের গোলখরা একটু বিরলই।

তবে তিনি বা তার কোচ, কাউকেই এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মনে হচ্ছে না। দলের সেরা তারকা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, এমন ধারণাও হেসে উড়িয়ে দিয়েছেন দেশম।

“আমি চিন্তিত নই। এটা সত্যি যে, বেশ কয়েকটি সুযোগ পেয়েছে সে, কিন্তু নিখুঁত হতে পারেনি। সে আমাকে বলেছে, যুক্তরাষ্ট্রের জন্য সেরাটা জমিয়ে রাখছে, তাই ঠিক আছে।”

গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে যখন আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে সংগ্রাম করছিলেন, তখন ওলিসে উপহার দেন জাদুকরি পারফরম্যান্স। ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়ে আসা উইঙ্গার জাতীয় দলের জার্সিতে পান প্রথম হ্যাটট্রিকের স্বাদ। 

২৪ বছর বয়সী এই ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্স কোচ।

“বায়ার্নে কাটানো মৌসুমের মতোই উজ্জ্বল সে। সবকিছুই তার জন্য সহজ। সে কার্যকর এবং এটা দারুণ ব্যাপার। আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও (জ্বলে ওঠা) প্রয়োজন হবে।”

২০২২ বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্স এবারের অভিযান শুরু করবে আগামী মঙ্গলবার, সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।