বার্সায় কোচ-সভাপতির ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন শাভি
শাভি এর্নান্দেসের বিশ্বাস, তার ওপর এখনও অগাধ আস্থা আছে কাতালান ক্লাবটির কর্তৃপক্ষের।
সিদ্ধান্ত বদলে শাভি এর্নান্দেসের বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা এসেছে বেশিদিন হয়নি। এর মাঝেই নতুন করে শোনা যাচ্ছে, কোচের প্রতি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার আস্থা নাকি আগের মতো নেই। শাভি অবশ্য সেসব উড়িয়ে দিয়ে বললেন, সব কিছু আগের মতোই আছে।
২০২১ সালের নভেম্বরে নানা সমস্যায় জর্জরিত বার্সেলোনার দায়িত্ব নেন শাভি। নড়বড় দলকে দ্রুতই মজবুত করে তোলেন তিনি। পরের মৌসুমে এনে দেন লা লিগা জয়ের স্বাদও। কিন্তু চলতি মৌসুমে দলটির হতাশাজনক পারফরম্যান্সে চাপ বাড়ছিল শাভির ওপর।
চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার অবস্থা যাচ্ছেতাই। টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার কোয়ার্টার-ফাইনালে উঠতে পারে তারা। সব কিছু মিলিয়ে বাড়তি চাপকে কারণ দেখিয়ে গত জানুয়ারিতে হুট করে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন শাভি।
কোনোভাবেই নিজের সিদ্ধান্তে পরিবর্তন না আনার কথা অনেকবারই বলেছিলেন তিনি। কিন্তু এপ্রিলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিশদ আলোচনার পর বদলে যায় তার ভাবনা। বার্সেলোনার কোচ হিসেবে চুক্তির আরেকটি মৌসুম থাকার কথা নিশ্চিত করেন তিনি।
কিন্তু এখন আবার শাভি ও লাপোর্তার মধ্যে শীতল সম্পর্কের খবর নতুন করে ছড়াচ্ছে। এর পেছনে ৪৪ বছর বয়সী কোচকেই দায়ী করা হচ্ছে।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বার্সেলোনার ‘নাজুক আর্থিক অবস্থা’ নিয়ে মন্তব্য করেন শাভি। এমন পরিস্থিতিতে রেয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা খুবই কঠিন বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের খবর, এতেই নাকি কোচের ওপর চটেছেন লাপোর্তা। এরপর থেকেই মূলত শাভির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে।
লা লিগায় রোববার রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিনের এসব গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শাভি। সেসব উড়িয়ে দিয়ে তিনি বলেন, তার ওপর এখনও অগাধ আস্থা আছে ক্লাবের।
“এতসব আলোচনার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু তাতে কিছু বদলাচ্ছে না। আমি সভাপতির সঙ্গে বসব এবং যদি কিছু নিয়ে কথা বলার থাকে বলব। তবে তিন সপ্তাহে আগে সবকিছু যেমন ছিল, তেমনই আছে। যদি কোনো পরিবর্তন আসে আপনাদের জানানো হবে।”
লা লিগা শিরোপা এরই মধ্যে জিতে নিয়েছে রেয়াল মাদ্রিদ, ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৯৩। দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার জন্য লড়ছে বার্সেলোনা। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭৫।
