২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপেকে ছাড়তে চায় পিএসজি, খবর বিবিসির

চুক্তি নবায়ন করতে না চাওয়ার সিদ্ধান্ত পিএসজিকে জানিয়ে দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 03:17 PM

Updated : 13 Jun 2023, 03:17 PM

কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে প্রায়ই, সময়ের স্রোতে তা হারিয়েও যায়। কিন্তু এবারের আলোচনা বেশ জোরাল মনে হচ্ছে। চুক্তি নবায়ন না করার পাকা সিদ্ধান্ত নাকি ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি। তাই লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও এখন এই ফরোয়ার্ডকে ছেড়ে দিতে চায় বলে খবর ছেপেছে বিবিসি। 

আগামী মৌসুমে পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান ‍চুক্তির মেয়াদ শেষ হবে। মেয়াদ ফুরালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরোয়ার্ড। 

বর্তমান চুক্তিতেই অবশ্য শর্তসাপেক্ষে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। তবে এমবাপে তাতে নাকি রাজি নন। 

যদিও চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে এমবাপের সিদ্ধান্ত দেওয়ার সময় শেষ হবে ৩১ জুলাই। সেক্ষেত্রে দুই পক্ষের হাতেও সময় ছিল। কিন্তু গত এক মাস আলোচনার পর এমবাপে আগেভাবেই ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেন নতুন চুক্তি না করার সিদ্ধান্ত। নিজস্ব সূত্রের বরার দিয়ে এই খবর ছেপেছে ফ্রান্সের পত্রিকা লেকিপে। 

এমবাপে ফ্রি এজেন্ট হয়ে চলে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিএসজি। এ কারণে দলটি আগেভাবে এমবাপেকে ছেড়ে দিতে চায়। 

তাছাড়া দল পুনর্গঠনের বিষয়টি নতুন করে ভাবছে পিএসজি। বছরের পর বছর ধরে তারকা খেলোয়াড় কেনার যে কৌশল, সেটা থেকে বেরিয়ে আসতে চাইছে তারা। এমবাপের চিঠি ক্লাব কর্তৃপক্ষ দেখার আগে গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়াতেও বিরক্ত পিএসজি।

সব মিলিয়ে দলটি বুঝতে পেরেছে ২০১৮ বিশ্বকাপ জয়ী এমবাপের মনোভাব। এ কারণেই তারা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর বেরিয়েছে আরও অনেক গণমাধ্যমে। পিএসজির এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে ইউরোপের বড় ক্লাবগুলোর মনোযোগ ফের এমবাপের দিকে ফিরেছে। 

দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহী। গত বছর দুই পক্ষের আলোচনা অনেক দূর এগিয়েছিল বলে খবর এসেছিল গণমাধ্যমে। কিন্তু শেষ মুহূর্তে এমবাপে ‘না’ বলে দেওয়ায় ভেস্তে যায় সেই আলোচনা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয় কিছুটা ‘দোটানাও’। 

রিয়ালেও বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। আক্রমণভাগের নির্ভরতা করিম বেনজেমা কদিন আগে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। ফলে রিয়ালের এখন একজন স্ট্রাইকার খুব প্রয়োজন। টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকার কথাও শোনা যাচ্ছে। 

২০১৭ সালে ধারে মোনাকো থেকে পিএসজিতে নোঙর ফেলা এমবাপে প্রাথমিক চুক্তি অনুাযায়ী পরের বছর সেখানে থিতু হন ১৮ কোটি ইউরোতে। দলটির হয়ে এ পর্যন্ত ২৬০ ম্যাচে ২১২ গোল করে তাদের সর্বোচ্চ গোলদাতাও তিনি। 

জাতীয় দলের জার্সিতেও এই অল্প বয়সে তিনি পেয়েছেন মুঠোভরে। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলে ৬৮ ম্যাচে তার গোল ৩৮টি। এর মধ্যে একটি হ্যাটট্রিকও আছে; কাতার বিশ্বকাপের ফাইনালে তার ওই হ্যাটট্রিকের পরও অবশ্য পারেনি ফ্রান্স, টাইব্রেকারে জিতে যায় আর্জেন্টিনা।

লিগ ওয়ানে শেষ পাঁচ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে। গত ছয় মৌসুমে পিএসজির হয়ে পেয়েছেন পাঁচবার শিরোপা জয়ের স্বাদ। 

২০২২-২৩ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জিতেছে দলটি, তবে মৌসুম জুড়ে তাদের পারফরম্যান্স ছিল খুব অধারাবাহিক। যার ফলে অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে পারেনি মোটেও। মেসি-নেইমার-এমবাপেকে নিয়ে গড়া ধারাল আক্রমণভাগ নিয়েও ফের ব্যর্থ হয় চ্যাম্পিয়ন্স লিগে। টানা দ্বিতীয়বার শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজে, বায়ার্ন মিউনিখের বিপক্ষের ভরাডুবিতে। 

এরই মধ্যে দলছুট হয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিদায় বলে দিয়েছেন তারকা ডিফেন্ডার সের্হিও রামোস। এমবাপেও চলে গেলে আরও বড় শূন্যতা তৈরি হবে। 

এদিকে কানাঘুষা আছে নেইমারকে নিয়েও। পিএসজির আক্রমণভাগের এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নাকি যোগাযোগ চলছে মোটা অঙ্কের অর্থ নিয়ে বসে থাকা সৌদি আরবের লিগের দল আল হিলাল।