২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুলের পুনরাবৃত্তি দেখতে চান না টেন হাগ 

সবশেষ ম্যাচে দলের খেলা একেবারেই ভালো লাগেনি ম্যানচেস্টার ইউনাইটেড কোচের।

ভুলের পুনরাবৃত্তি দেখতে চান না টেন হাগ 

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 05:19 PM

Updated : 26 Aug 2023, 06:34 PM

মৌসুমের শুরুটা জয় দিয়ে করার পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে যায় তারা। ওই ম্যাচে দলের 'ধারহীন' ফুটবল কোনোভাবেই মানতে পারেননি এরিক টেন হাগ৷ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বললেন, সামনের পথচলায় এমন কিছু আর দেখতে চান না তিনি।

সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া ইউনাইটেড এবার প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে হারায় ১-০ গোলে। তবে ওই ম্যাচে আশানুরূপ ভালো খেলতে পারেনি তারা। এরপর গত শনিবার টেন হাগের দলকে ২-০ গোলে হারিয়ে দেয় টটেনহ্যাম।

প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের রক্ষণের ভালোই পরীক্ষা নেয় ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দাপুটে ফুটবল উপহার দিয়ে তিন পয়েন্ট তুলে নেয় টটেনহ্যাম। লন্ডনের ক্লাবটির দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী৷ ৮২তম মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

সব মিলিয়ে টেন হাগের কাছে ম্যাচটি ভুলে যাওয়ার মতো। লিগে শনিবার রাতে ইউনাইটেডের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহ্যামের বিপক্ষে নিজেদের ভুলগুলো তুলে ধরেন এই ডাচ কোচ।

“তারা হয় দৌড়ায়নি বা ভুল সময়ে কিংবা খুব দেরিতে দৌড় দিয়েছে, বিশেষ করে আক্রমণে। এটি হয়ে গেছে, আপনি তা বদলাতে পারবেন না। তবে আপনি যদি জিততে চান, তাহলে এখানে চাহিদা এমনই। প্রথম ৩৫ মিনিটে আমরা খুব ভালো ছিলাম এবং পুরো ম্যাচে আমরা আধিপত্য বিস্তার করেছিলাম। আমাদের অন্তত একটি গোল করা উচিত ছিল, যদিও আমি মনে করি দুটি গোল হতে পারত।”

“তারা কোথাও ছিল না, কিছুই করতে পারছিল না এবং এরপর ম্যাচে কিছু একটা ঘটে। এতে আমরা মনোযোগ হারিয়ে ফেলি, এরপর আর নিজেদের কাজটা করতে পারিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে কোনো খেলোয়াড় এবং আমাদের দলের কাছ থেকে এমন কিছু কাম্য নয়।”