২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের কৃতিত্ব বদলি খেলোয়াড়দের দিলেন আর্সেনাল কোচ

মিকেল আর্তেতার মতে, মাঠে নেমে পার্থক্য গড়ে দিয়েছেন অলেকসান্দার জিনচেঙ্কো, জর্জিনিয়োরা।

জয়ের কৃতিত্ব বদলি খেলোয়াড়দের দিলেন আর্সেনাল কোচ

মিকেল আর্তেতা 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 03:50 PM

Updated : 22 Aug 2023, 03:50 PM

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখলেও তা একেবারেই সহজে ধরা দেয়নি আর্সেনালকে। ম্যাচের অনেকটা সময় খেলতে হয় দশজন নিয়ে। এরপরও দল যেভাবে খেলেছে, বিশেষ করে বদলি নামা খেলোয়াড়রা, তাতে দারুণ খুশি মিকেল আর্তেতা। আর্সেনালের কোচ বললেন, মাঠে নেমেই পার্থক্য গড়ে দিয়েছেন বদলি খেলোয়াড়রা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যচে গত সোমবার প্যালেসকে ১-০ গোলে হারায় আর্সেনাল। এই নিয়ে লিগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেল লন্ডনের ক্লাবটি।

ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দেন অধিনায়ক মার্টিন ওডেগোর। এর ১৩ মিনিট পর লাল কার্ড দেখেন ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসু। প্যালেস এরপর চাপ বাড়ায় প্রতিপক্ষের ওপর।

তোমিইয়াসুকে হারানোর পর অলেকসান্দার জিনচেঙ্কো, জর্জিনিয়োসহ চারজন বদলি হিসেবে নামেন। লিড ধরে রেখে শেষ পর্যন্ত তিন নিয়ে মাঠ ছাড়ায় ভালো অবদান রাখেন তারা। ম্যাচ শেষে এই খেলোয়াড়দের প্রশংসা ঝড়ল আর্তেতার কণ্ঠে।

“আপনি যখন খেলোয়াড়দের বেঞ্চের খেলোয়াড়দের দিকে তাকাবেন... তাদের মাঠে নামতে হবে এবং দলকে সাহায্য করতে হবে। তারা (বদলি খেলোয়াড়রা) দুর্দান্ত ছিল এবং তারা খেলার গতি পরিবর্তন করেছিল। আমি তাদের অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা সত্যিই ম্যাচটি জেতার জন্য অবদান রেখেছিল।”