৩৯ বছর বয়সে ইউরো খেলতে পারা রোনালদোর কাছে ‘উপহার’
পর্তুগিজ মহাতারকার জন্য এই বয়সে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জিততে পারা হবে স্বপ্নের মতো।
বয়স হয়ে গেছে ৩৯। ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে এটা যেন কেবলই একটা সংখ্যা। মাঠের পারফরম্যান্সে এর ছাপ পড়তে দেন না তিনি মোটেও। তার বয়সে বেশিরভাগ যখন ফুটবলকেই বিদায় বলে দেয়, সেখানে তিনি পর্তুগালের হয়ে আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছেন মূল ভরসাদের একজন হয়ে। এই বয়সেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাকে বড় এক উপহার হিসেবে দেখছেন পর্তুগিজ মহাতারকা।
জার্মানিতে অনুষ্ঠেয় এবারের ইউরো দিয়ে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ষষ্ঠবার অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। রেকর্ড ছোঁয়া আসরে খেলতে মুখিয়ে আছেন ফুটবলের এই উজ্জ্বল নক্ষত্র।
ইউরোর মূল লড়াইয়ে নামার আগে মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলে পর্তুগাল। রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। বার্তা দেন, এখনও ফুরিয়ে না যাওয়ার।
ম্যাচটিতে জালের দেখা পেয়ে অনন্য এক রেকর্ডও গড়েন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়েন তিনি। পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে গোল করেছেন প্রতি বছর।
জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩০টি গোল করা রোনালদো বললেন, এই বয়সে খেলতে পারাকেই অনেক বড় পাওয়া হিসেবে দেখেন তিনি। সেখানে এবারের ইউরো জিততে পারা তো হবে তার জন্য স্বপ্নের মতো।
“জানি, ফুটবলে আমার খুব বেশি বছর বাকি নেই। বছরের পর বছর ধরে, ৩৫ বছর বয়সের পরও খেলতে পারা একটা উপহার। আমার বয়স ৩৯ এবং প্রতিটি বছরই আমার কাছে নিজেকে উপভোগ করার। জাতীয় দলের হয়ে গোল করা বিশেষ কিছু। জাতীয় দল আমার জীবনের ভালোবাসা, ইউরো জেতা হবে স্বপ্নের মতো।”
রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ২০১৬ সালে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ। ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতায় খেলে আসা রোনালদোর কাছে আরেকটি আসরের অংশ হতে পারা বিশেষ অর্জন।
“জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে আবেগ ও ভালোবাসা। যেকোনো খেলাই বিশেষ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বিশেষ, এটা আমার ষষ্ঠ আসর হবে, যা একটা রেকর্ডও।”
“২০০৪ সালে যখন আমার (ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ) অভিষেক হয়েছিল বা আজ খেলছি, অনুভূতি সবসময় গর্ব ও আবেগের ছিল। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।”
এখন সৌদি প্রো লিগের ক্লাব আল নাস্রের হয়ে খেলেন রোনালদো। সেখানে ২০২৩-২৪ মৌসুমে ৪৪ গোল করা এই ফরোয়ার্ডকে সম্প্রতি ‘অনন্য’ বলেছেন পর্তুগাল কোচ রবের্ত মার্তিনেস।
রোনালদো বললেন, ইউরোতে দলের সাহায্যে কোচের যেকোনো সিদ্ধান্ত স্বাদরে মেনে নিতে তৈরি তিনি।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে আমি ভালো অবস্থায় আছি। আমি প্রস্তুত, সবসময় সর্বোচ্চ প্রস্তুত থাকি, আমি শতভাগ পেশাদার। (ইউরোতে) দেশকে সাহায্য করতে এবং কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে আমি সবসময়ের মতোই প্রস্তুত থাকব।”
মার্তিনেসের কোচিংয়ে এবারের ইউরোর ফেভারিট দলগুলোর একটি মনে করা হচ্ছে পর্তুগালকে। রোনালদোও মনে করছেন, কঠোর পরিশ্রম করে যেতে পারলে ২০১৬ আসরের পুনরাবৃত্তি করা সম্ভব।
“ভাবনা সেটাই (ইউরো জেতা) হতে হবে, ইতিবাচক থাকতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। স্বপ্ন দেখতে কিছু লাগে না, আর এই দলের স্বপ্ন দেখার প্রতিভা রয়েছে। পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না, আমাদের পরিশ্রম করতে হবে এবং লড়াই করতে হবে।”
“ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ কিছু করতে আমাদের এই প্রজন্মের প্রতিভাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমি আবারও বলছি, প্রতিভা যথেষ্ট নয়। আমাদের পরিশ্রম করতে হবে। আমরা সম্ভাব্য সেরা উপায়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করতে চাই।”
আগামী মঙ্গলবার চেক রিপাবলিক ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের ইউরো অভিযান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।
