২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও, বললেন ফের্নান্দেস

ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশ থেকে পাওয়া অবিশ্বাস্য সমর্থনের প্রতি।

আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও, বললেন ফের্নান্দেস
গোলের পর এন্সো ফের্নান্দেসের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়ার পর এন্সো ফের্নান্দেসের উচ্ছ্বাস নানাভাবেই ফুটে উঠছে সামাজিক মাধ্যমে। সেই আনন্দের জোয়ারে আছে বাংলাদেশের প্রতি ভালোবাসার স্রোতও। অবিশ্বাস্য সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার।

আর্জেন্টিনার এই জয়ে বড় অবদান ছিল ফের্নান্দেসের। দলের দ্বিতীয় গোলটি করেন চেলসির এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ম্যাচের পর সামাজিক মাধ্যমে ফের্নান্দেসের প্রথম বার্তাটি ছিল রাফিনিয়ার জন্য। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের আগে বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে আমরা হারাব… অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব… নিজের সবকিছু নিয়েই নামছি আমি…।”

রাফিনিয়ার এমন মন্তব্য নিয়ে ম্যাচের আগে পরিস্থিতি ছিল কিছুটা উত্তপ্ত। সংবাদ সম্মেলনে সেই আঁচও লেগেছিল। শেষ পর্যন্ত রাফিনিয়ারা মাঠে তেমন কিছুই করতে পারেননি। আর্জেন্টিনার একতরফা ও দাপুটে ফুটবলের প্রদর্শনীর সামনে তারা ছিলেন অসহায়।

ম্যাচের পর হাস্যোজ্জ্বল উদযাপনের ছবি পোস্ট করে ফের্নান্দেস লেখেন, “পরের বার বিনয়ী থেকো রাফিনিয়া।” এরপর আরেকটি ছবি পোস্ট করেন তিনি, যেটি ছিল দলীয় উদযাপনের, সেখানে তিনি ও আরও কয়েকজন ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়ার ভঙ্গি করছেন। বলার অপেক্ষা রাখে না, এই উদযাপন কার বা কাদের প্রতি ইঙ্গিত!

একটু পরই আরেকটি পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রতি।

“অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয় আপনাদেরও।” সেখানে পাশাপাশি ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা। 

এন্সো ফের্নান্দেস ও আর্জেন্টাইন ফুটবলারদের প্রায় সবার প্রতিটি পোস্টেই বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা দেখা যায় প্রবল। গত জুলাই-অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এই মিডফিল্ডার।

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অনুরাগ অনেক বছর ধরেই চলে আসছে। তবে গত বিশ্বকাপের সময়কার উন্মাদনা থেকেই এটা ভালোভাবে জানতে পেরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা ও সে দেশের অনেক মানুষ। 

আর্জেন্টিনার কাছে চার গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ব্রাজিলকে বিধ্বস্ত করে আলভারেস বললেন, 'দেখিয়ে দিলাম'

'মেনে নিতেই হবে, আর্জেন্টিনা আমাদের উড়িয়ে দিয়েছে'