ইংল্যান্ডের প্রতি জার্মানদের মনোভাবে পরিবর্তন দেখছেন কেইন
ইংলিশ ফরোয়ার্ড মনে করছেন, তিনি বায়ার্নে যোগ দেওয়ার ইউরোতে ইংল্যান্ডের প্রতি কিছুটা ভালোবাসা কাজ করবে জার্মানদের।
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমটা ভালো কেটেছে হ্যারি কেইনের। দল সাফল্য না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে জার্মান ক্লাবটির সমর্থকদের মন জয় করতে পেরেছেন ইংলিশ ফরোয়ার্ড। তাই তার মনে হচ্ছে, এবারের ইউরোতে ইংল্যান্ডের প্রতি মনোভাবে কিছুটা হলেও পরিবর্তন আসবে জার্মানদের।
গত বছর ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন কেইন। নতুন ঠিকানায় মানিয়ে নিতে একদমই সময় লাগেনি তার। মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে করেন ৪৪ গোল। যদিও ২০১৩ সালের পর প্রথমবারের মতো বুন্ডেসলিগা জিততে পারেনি বায়ার্ন।
দলের ব্যর্থতায় কিছুটা হতাশা থাকলেও কেইন বলেছেন, বায়ার্নে সময়টা বেশ ভালো কেটেছে তার। জার্মানিকে এখন নিজের আরেকটি ঘর হিসেবে দেখেন তিনি। এবারের ইউরো হচ্ছে এখানেই। তাই জাতীয় দলের হয়ে আবার এখানে খেলতে পারার আনন্দ কাজ করছে ৩০ বছর বয়সী এই ফুটবলারের মাঝে।
আগামী রোববার সার্বিয়া ম্যাচ দিয়ে ইউরোতে পথচলা শুরু করবে ইংল্যান্ড। এই লড়াইকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেইন বললেন, “টমি (টমাস মুলার) আমার জন্য ছোট্ট একটি বার্তা রেখে গেছে। কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে তারা এখানে ছিল।”
বিশ্বকাপ ও ইউরোতে জার্মানি ও ইংল্যান্ডের মাঝে অনেক আগে থেকেই রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। গত ইউরোতে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানদের ২-০ গোলে হারিয়েছিল ইংলিশরা।
১৯৯০ ইতালি বিশ্বকাপের সেমি-ফাইনালে পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডকে হারিয়েছিল পশ্চিম জার্মানি। পরে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব সেরার মুকুট জিতেছিল তারাই।
কেইন মনে করছেন, দুই দলের সেই প্রতিদ্বন্দ্বিতায় এবার কিছুটা ভাটা পড়তে পারে তার কারণে। তবে জার্মানরা যে তাদের জয় চাইবে, এমনটা আশা করেন না ইংলিশ তারকা।
“বায়ার্নে আসার পর থেকে আমি যে অভ্যর্থনা পেয়েছি তা অবিশ্বাস্য। যখন আমি হোটেলে ছিলাম, তখন কয়েকজন স্টাফরা এসে হ্যালো বলেছে।”
“আমি বলছি না যে, তারা চায় ইংল্যান্ড জিতুক। তবে আমার মনে হয়, আমাদের জন্য তাদের মনে কিছুটা ভালোবাসা জন্ম নিয়েছে… এখন আমি এখানে আছি এবং এটা দুর্দান্ত।”
