ম্যান সিটিকে হারিয়েই শিরোপার পথে ছুটতে চায় আর্সেনাল
টানা তিন ম্যাচে পয়েন্ট হারালেও শিরোপার আশা এখনই হারিয়ে ফেলছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
জয়ের সমান ড্র এটিকে বলাই যায়। হারের একদম দুয়ার থেকে অবিশ্বাস্য রোমাঞ্চের ভেলায় ফেরা বলে কথা। তবে সমস্যা হলো, আর্সেনালের এখন জয়ের সমান ড্র নয়, জয়ই যে দরকার! একটি পয়েন্ট পাওয়ার স্বস্তি থাকলেও তাই দুই পয়েন্ট হারানোর অস্বস্তিও সঙ্গী তাদের। মিকেল আর্তেতা অবশ্য এখনই আশা হারাচ্ছেন না। লিগের প্রধানতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়েই স্বপ্নের শিরোপার দিকে এগিয়ে যেতে চান আর্সেনাল কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল আরেক দফা হোঁচট খেয়েছে শুক্রবার সাউথ্যাম্পটনের বিপক্ষে। পয়েন্ট তালিকার তলানির দলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে শীর্ষে থাকা দল।
খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে পর্যন্ত অবশ্য এই ড্র অসম্ভব বলেই মনে হচ্ছিল। কার্লোস আলকারাস ও থিও ওয়ালকট সাউথ্যাম্পটনকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ১৪ মিনিটের মধ্যে। একটু পর একটি গোল শোধ করে দেন গাব্রিয়েল মার্তিনেল্লি। তবে দ্বিতীয়ার্ধে সাউথ্যাম্পটনকে আরও এগিয়ে নেন দুয়ে চালেতা-চার। ৮৭ মিনিট পর্যন্ত ৩-১ গোলেই এগিয়ে ছিল সাউথ্যাম্পটন।
৮৮তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগোর ও ৯০তম মিনিটে বুকায়ো সাকার গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে আর্সেনাল। শেষ পর্যন্ত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে তারা।
৩২ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল। তবে এই ড্রয়ের পর তাদের শিরোপা স্বপ্ন ফিকে হয়ে গেছে কিছুটা। ৩০ ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। সিটি নিজেদের সব ম্যাচ জিতলে আর্সেনালের কিছু করার থাকবে না।
অথচ কিছুদিন আগেও সমান ম্যাচ খেলে সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু লিগের শেষ পর্যায়ের চাপের সময়টায় একের পর এক ম্যাচে পয়েন্ট হারাচ্ছে তারা। লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। পরের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষেও একইভাবে ২-০ গোলে এগিয়ে গিয়েও পরে ড্র করে আর্তেতার দল। এরপর সাউথ্যাম্পটনের বিপক্ষে এই ড্র।
এই ধাক্কার পরও আর্তেতা বিশ্বাস রাখছেন দলের ওপর। যদিও বাস্তবতা তিনি অস্বীকার করছেন না।
“এখনও এটা বদলায়নি (শিরোপা আশা)… অবশ্যই কাজটা এখনও অনেক কঠিন। তবে এখন ছোট ছোট ব্যাপারগুলি আরও ভালোভাবে করতে হবে আমাদের এবং ভুল একদম কমিয়ে ফেলতে হবে। আমরা নিজেদের কাজ আবারও কঠিন করে তুলেছি।”
তবে এই ড্র থেকেই নতুন আশার জোগান আর্তেতার। শেষ সময়ে যেভাবে একটি পয়েন্ট আদায় করেছে দল, তাতে মুগ্ধ আর্সেনাল কোচ।
“এই তরুণ দলটি চাপের মধ্যে যেভাবে সাড়া দিয়েছে, তা অবিশ্বাস্য। সবকিছুই ছিল একদম বিপক্ষে, কিন্তু এর মধ্যেও তারা যেভাবে সুযোগ সৃষ্টি করেছে এবং যেভাবে উজ্জীবিত ফুটবল খেলেছে, তা ছিল আনন্দময়।”
“ওদের জন্য আমার বার্তা পরিষ্কার… আমি এই দলকে ভালোবাসি।”
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার ফয়সালা একরকম হয়ে যেতে পারে আগামী বুধবারই। ম্যানচেস্টার সিটির মাঠে সেদিন খেলতে নামবে আর্সেনাল। সাম্প্রতিক সময়ে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে সিটি, তাতে আর্তেতার দলের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ নিতে পিছপা হচ্ছেন না আর্সেনাল কোচ।
“আমার তর সইছে না… এই ধরনের ম্যাচই তো আমরা খেলতে চাই। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়… সেখানে যেতে হবে স্রেফ জয়ের জন্যই। আর কোনো বিকল্প নেই।”
“খেলাটির সৌন্দর্যই এখানে। এই ধরনের অবস্থায় থাকতে চায় সবাই। ম্যানচেস্টারে দারুণ একটি অভিযান হবে আমাদের এবং আমরা খুব ভালোভাবেই প্রস্তুতি নেব।”
ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে চারটি শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে গাব্রিয়েল জেসুসের। এবার সেই স্বাদ পাওয়ার আশায় তিনি আর্সেনালের হয়ে। পুরনো দলকে হারিয়েই তিনি নতুন দলের হয়ে পুরনো স্বাদটি পেতে চান।
“এখন সামনের সময়টা কঠিন। এই সময়েই প্রয়োজন শেষ পর্যন্ত সবার এককাট্টা হয়ে মাঠে নামার। মৌসুমে এখনও অনেক কিছুই করার আছে আমাদের। এখনও কিছুই শেষ হয়ে যায়নি। এখনও আমরা ৫ পয়েন্টে এগিয়ে আছি।”
“যদিও ম্যানচেস্টার সিটির দুটি ম্যাচ বেশি বাকি আছে, তবে আমরা যদি শিরোপা জিততে চাই তাহলে সেখানে গিয়ে আমাদের জিততে হবে- ব্যস!।”
