২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর সঙ্গে বসবেন মার্তিনেস

সামনের পথচলায় পর্তুগালকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তাও দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 08:51 PM

Updated : 09 Jan 2023, 09:05 PM

পর্তুগাল দলে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনেকে। তবে দায়িত্ব নিয়েই এই ফরোয়ার্ডের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন রবের্তো মার্তিনেস। দলের সেরা তারকার সঙ্গে বসবেন বলে জানালেন পর্তুগালের নতুন কোচ।

আনুষ্ঠানিকভাবে সোমবার পর্তুগালের কোচ হওয়ার পর আগামী দিনের পরিকল্পনা ও পথচলার ভাবনা নিয়ে কথা বলেন মার্তিনেস। জানান, কাতার বিশ্বকাপের দলে থাকা সবার সঙ্গে যোগাযোগ করবেন তিনি। কথা বলবেন রোনালদোর সঙ্গেও।

কাতার বিশ্বকাপে বেলজিয়াম ও পর্তুগাল, কোনো দলের সময়ই ভালো যায়নি। মার্তিনেসের হাত ধরে বড় স্বপ্ন নিয়ে যাওয়া বেলজিয়াম ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। ফের্নান্দো সান্তোসের পর্তুগালের পথচলা থামে মরক্কোর কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে। বিশ্বকাপের পর দুই কোচকেই ছাড়তে হয় দায়িত্ব।

চুক্তির বিস্তারিত না জানালেও সোমবার পর্তুগাল ফুটবল ফেডারেশন মার্তিনেসের হাতে তুলে দেয় দলের হাল। দেশটির জাতীয় দলের জন্য এটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেন ফেডারেশনের সভাপতি।

সান্তোসের কোচিংয়ে পর্তুগাল তাদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য পেয়েছিল। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮-১৯ মৌসুমের নেশন্স লিগের শিরোপা জিতেছিল পর্তুগিজরা। অন্যদিকে, বেলজিয়ামকে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে তোলা এবং ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান এনে দেওয়ার কীর্তি আছে মার্তিনেসের।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত মার্তিনেস। ৪৯ বছর বয়সী এই স্প্যানিশ কোচ খেলোয়াড়, কর্মকর্তাদের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে যান সামনের দিকে।

“বিশ্বের মেধাবী দলগুলোর একটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। বুঝতে পারছি, আমাকে নিয়ে তাদের প্রত্যাশা অনেক বড়…কিন্তু আমি এটাও বুঝতে পারছি, পর্তুগাল ফুটবল ফেডারেশন বড় একটা সংস্থা… ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লক্ষ্যগুলো অর্জন করব।”

কাতার বিশ্বকাপে সান্তোস খুব সমালোচিত হন রোনালদোকে নকআউট পর্বের একাধিক ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে ঠাঁই না দেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

কদিন আগে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের দল আল নাস্‌রে যোগ দিয়েছেন রোনালদো। ইউরোপ মাতিয়ে এখনও এশিয়ার ফুটবলে রঙ ছড়ানোর অপেক্ষায় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ স্কোরার (১১৮ গোল)।

নতুন কোচ মার্তিনেস বললেন, রোনালদোকে এখনই বাতিলের খাতায় ফেলে দেননি তিনি। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে আলোচনা করার কথাও জানান কোচ।

“গত বিশ্বকাপের পর্তুগাল দলে যে ২৬ জন ছিল, আমি তাদের সবার সঙ্গে যোগাযোগ করতে চাই…ক্রিস্তিয়ানো ওই বিশ্বকাপ দলের তালিকায় থাকা একজন।”