২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’

ইন্দোনেশিয়ার কাছে হেরে আসর শুরুর পর মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে পেয়েছে জয়ের দেখা।

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’

চাইনিজ তাইপেকে হারিয়ে উইমেন’স ফাইভ-এ-সাইড হকিতে নিজেদের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ার হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 11:43 PM

Updated : 25 Aug 2023, 11:43 PM

উইমেন’স ফাইভ-এ-সাইড হকিতে দিনের শুরুটা হার দিয়ে। তবে মেয়েরা ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। দ্বিতীয় ম্যাচেই চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ওমানের সালালাহ’য় হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অর্পিতা পল ও আইরিন রিয়ার নৈপুণ্যে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে উড়িয়ে দেয় দল।

অর্পিতা ৬টি এবং আইরিন ৪টি গোল করেন। প্রথম মিনিটেই ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন অর্পিতা। তৃতীয় মিনিটে আরও দুইবার জালের দেখা পান তিনি। পরে ১৭, ২২ ও ৩০তম মিনিটে আরও তিনবার লক্ষ্যভেদ করেন অর্পিতা।

অর্পিতার মতো ম্যাচ সেরা আইরিনেরও সবগুলোই ফিল্ড গোল। দ্বাদশ মিনিট নিজের প্রথম গোলের পর ১৪, ২০ ও ২১তম মিনিটে তিনি পান জালের দেখা।

Image

চাইনিজ তাইপেকে হারিয়ে উইমেন’স ফাইভ-এ-সাইড হকিতে নিজেদের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ার হকি ফেডারেশন

এই প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং।

এলিট পুলে অংশ নিচ্ছে চার দল- ভারত, জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়া।