২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ম্যাচ থেকে সামনের পথচলায় অনুপ্রেরণা দেখছেন টেন হাগ

গুরুত্বপূর্ণ ম্যাচে দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 07:20 PM

Updated : 24 Feb 2023, 07:20 PM

ইউরোপা লিগে টিকে থাকার ম্যাচে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার বিপক্ষে এই জয় এরিক টেন হাগের কাছে খুবই অর্থবহ। প্রিমিয়ার লিগের দলটির কোচ মনে করেন, এই ম্যাচের পারফরম্যান্স মৌসুমের বাকি অংশের পথচলায় তাদের শক্তি যোগাবে।

ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় লেগে গত বৃহস্পতিবার ২-১ গোলে জয় পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে প্রথমার্ধে বার্সেলোনাকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। বিরতির পর জালের দেখা পান ইউনাইটেডের ফ্রেদ ও আন্তোনি। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ ষোলোয় জায়গা করে নেয় ইউনাইটেড।

ইউনাইটেডের বিপক্ষে হারে প্রায় দুই বছর পর অন্যরকম এক তেতো অভিজ্ঞতাও হলো বার্সেলোনার। সবশেষ ২০২১ সালে গ্রানাদার কাছে প্রথমার্ধে এগিয়ে থেকে হেরেছিল কাতালান ক্লাবটি।

হাইভোল্টেজ ম্যাচে দল যেভাবে খেলেছে তাতে খুশি টেন হাগ। ম্যাচের পর বিটি স্পোর্টকে এই ডাচ কোচ বলেন, তার দলের হার না মানা মানসিকতাই গড়ে দিয়েছে ব্যবধান।

“আমি মনে করি আমাদের দলে কিছু দারুণ ব্যক্তিত্ব আছে, যেমন রাফা (রাফায়েল ভারানে) এবং লিচা (লিসান্দ্রো মার্তিনেস), তারা কাউকে ভয় পায় না। এমনকি যখন দল সমস্যায় পড়ে, তারা এগিয়ে যায়, চালিয়ে যায় এবং তারা হাল ছেড়ে দেয় না। তারা ফল পেতে চায়।”

“এমনকি পেনাল্টি থেকে গোল হজম করলেও নিজেদের কাজ চালিয়ে যেতে হবে; (এই বিশ্বাস রেখে যে) এই ধরনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো যায়। এমন বড় ম্যাচে পিছিয়ে পড়া, ১-০ তে পিছিয়ে গিয়ে একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার পর পাওয়া জয়- আমি মনে করি মৌসুমের পথচলায় তা ভালো অনুপ্রেরণা যোগায়।”

দায়িত্ব নেওয়ার পর এটিই সবচেয়ে বড় জয় কি-না, এই প্রশ্নের জবাবে সম্মতি জানান টেন হাগ।

“হ্যাঁ, আমি তাই মনে করি। আমরা কিছু ভালো জয় পেয়েছি - নিজেদের মাঠে লিভারপুল, আর্সেনালকে হারিয়েছি। বার্সেলোনা লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে, তাই তাদের হারানো একটি বড় জয়।”