১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি: বিএইচডব্লিউ

প্ল্যাটফর্মটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:58 PM

Updated : 16 Nov 2026, 10:58 PM

দেশের কেন্দ্রীয় ঔষধাগারে (সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো-সিএমএসডি) ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বলে দাবি করেছে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ (বিএইচডব্লিউ)।

প্ল্যাটফর্মটির ‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেনদেনিং গভার্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্বাস্থ্যখাতে ২০২৫-২০২৬ সালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য তুলে ধরা হয়েছে সেখানে।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গণমাধ্যমের তথ্যের বরাতে প্রতিবেদনে বিএইচডব্লিউ বলেছে, ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি পড়ে থাকার পাশাপাশি সিএমএসডিতে ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত অনুষ্ঠানে বলেন, “সংস্কারের জন্য এই প্রকাশনা একটি অপরিহার্য শিক্ষণীয় দলিল। দুর্নীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম ব্যবস্থা ও পদ্ধতিগত পরিবর্তন। আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য ও নিয়ন্ত্রণ-ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

বিএইচডব্লিউ এর আহ্বায়ক আহমেদ মুশতাক রাজা চৌধুরী, উপদেষ্টা গ্রুপের সদস্য হালিদা হানুম আখতার, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।