১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের ‘বিশ্ব গোলাঘর’ ভারত, বাড়ছে ভর্তুকির বোঝাও

উপচে পড়ছে চালের গুদাম, উদ্বৃত্ত চাল বিদেশে রপ্তানি করেও মিলছে না স্বস্তি। অতিরিক্ত উৎপাদন আর ভর্তুকির চাপে এখন দিশেহারা ভারত।

ধানের ‘বিশ্ব গোলাঘর’ ভারত, বাড়ছে ভর্তুকির বোঝাও

ভারতের একটি চালের গুদাম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:18 PM

Updated : 18 Nov 2026, 06:18 PM

তীব্র খাদ্যাভাবের কারণে একসময় ভারতের মানুষকে সপ্তাহে একদিন রাতের খাবার বর্জনের আহ্বান জানানো হয়েছিল। ধান-চালের উৎপাদন তখন চাহিদার তুলনায় ছিল অনেক কম। সময়ের পরিক্রমায় সেই ভারতই আজ বিশ্বে ধানের এক বিশাল গোলাঘর।

রয়টার্স লিখেছে, ছয় দশক আগে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চালু করা ভর্তুকি এবং কৃষিবিজ্ঞানের কল্যাণে উন্নত জাতের ধান উৎপাদন ভারতকে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশে পরিণত করেছে।

তবে সেই সাফল্যই এখন নতুন সংকট তৈরি করেছে। অতিরিক্ত উৎপাদন আর গুদামসংকটে হিমশিম খাচ্ছে ভারত। উদ্বৃত্ত চাল বিদেশে রপ্তানি করেও সামাল দেওয়া যাচ্ছে না। পাশাপাশি চালের ভর্তুকি দিতে গিয়ে সরকারের খরচের পাল্লাও ক্রমাগত ভারি হচ্ছে।

বিদেশে রপ্তানি করা চালের জন্যও ভর্তুকি দিতে হচ্ছে—এমন পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করেছে। কারণ, এতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ দিন দিন বাড়ছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন রাজ্যের যোগাযোগ সংক্রান্ত নথি পর্যালোচনা এবং ১০ জন সরকারি কর্মকর্তা ও এক ডজনেরও বেশি বিজ্ঞানীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরেছে রয়টার্স।

তথ্যমতে, ভারতের কেন্দ্রীয় সরকারের খাদ্য ভর্তুকি বাজেটের দুই-তৃতীয়াংশেরও বেশি ব্যয় হয় চালের ভর্তুকিতে। গত এক দশকে দেশটির মোট খাদ্য ভর্তুকি ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়িয়েছে ২,২৮০০০ কোটি রুপিতে (২৪.১ বিলিয়ন ডলার)।

কৃষি অর্থনীতিবিদ এবং ফসলের মূল্য নির্ধারণ বিষয়ক সাবেক সরকারি উপদেষ্টা অশোক গুলাতি বলেন, “বাস্তবিক অর্থে আমরা দেশের করদাতাদের অর্থ ব্যয় করে বিদেশি ভোক্তাদের ভর্তুকি দিচ্ছি।”

তার মতে, এই উদ্বৃত্ত চাল প্রতিযোগী দেশের তুলনায় কম দামে আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে।

চালের উৎপাদন ও রপ্তানি বাড়ছেই:

ধারণা করা হচ্ছে, এবার এল নিনিওর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ায় ভারতে ২০২৬-২৭ অর্থবছরে চালের উৎপাদন কমতে পারে।

তারপরও পর্যাপ্ত মজুত থাকায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) পূর্বাভাস দিয়েছে, আগামী দুই বছরেও ভারতের চাল রপ্তানি বাড়বে।

তথ্যমতে, এক দশকে ভারতের মোট চাল উৎপাদন ৫০ শতাংশ বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১৫৪ মিলিয়ন টন হয়েছে। অথচ ১৪০ কোটি মানুষের দেশটিতে অভ্যন্তরীনভাবে চালের চাহিদা মাত্র ১০ কোটি ৭০ লাখ টন।

এই বাড়তি উৎপাদনের অন্যতম কারণ নতুন জাতের ধান। পূর্ব ভারতের বিস্তীর্ণ বন্যাপ্রবণ এলাকাতেও নির্ভরতার সঙ্গেই সম্ভব হচ্ছে এসব উন্নত জাতের ধানের চাষ।

তাছাড়া, কেন্দ্রীয় সরকারের ভর্তুকি ব্যবস্থাও উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। কেন্দ্রীর্য় সরকারের ভর্তুকির বাইরে কিছু কিছু রাজ্য সরকার কৃষকদের অতিরিক্ত প্রণোদনা বা বোনাস দিচ্ছে। এতে ধান উৎপাদন বেশি করছেন কৃষকরা।

যে ভারতে ১৯৬৫ সালে পর্যাপ্ত ফসল না হওয়ায় নাগরিকদের সপ্তাহে একদিন রাতের খাবার না খাওয়ার কথা বলেছিল, সেই ভারতে এখন উৎপাদন এতটাই বেশি যে, এক দশকে চাল রপ্তানি দ্বিগুণ হয়ে ২০২৫ সালে ২ কোটি ২৩ লাখ টনে পৌঁছেছে।

বিশ্ববাজারে চালের মোট বাণিজ্যের ৪০ শতাংশই এখন ভারতীয় চালের দখলে। ক্রমবর্ধমান মজুত রাখার মতো পর্যাপ্ত গুদামও তাদের নেই।

উড়িষ্যা রাজ্যের কটকের একটি চালকলের মালিক নবীন আগরওয়াল বলেন, “আমাদের আর কোনো জায়গা অবশিষ্ট নেই। সরকারি এজেন্টরা আমাদের কাছ থেকে কেনা চাল কখন নিয়ে যাবে—সেই অপেক্ষায় বসে থাকি।”

চাল উৎপাদনে বিপ্লবের পেছনে যে ধান:

ভারতের চাল উৎপাদনে বিপ্লব ঘটানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘স্বর্ণা-সাব১’ জাতের ধান। ভারতীয় কৃষি গবেষকরা ২০০৯ সালে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ধানের এই জাতটি অবমুক্ত করেন।

বন্যা সহনশীল এফআর১৩এ জাতের ধানের সঙ্গে উচ্চ ফলনশীল ও স্বর্ণা জাতের সংকরায়ণের মাধ্যমে স্বর্ণা-সাব১ উদ্ভাবন করা হয়।

ঐতিহ্যগতভাবে ভারতের অধিকাংশ চাল উৎপাদিত হতো দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায়। কিন্তু নতুন জাতের ‘স্বর্ণা-সাব১’ ধান পূর্ব ভারতের বন্যাপ্রবণ অঞ্চলগুলোর কৃষিচিত্র বদলে দিয়েছে।

বিহার রাজ্যের কৃষকদের একজন চন্দ্রমোহন যাদব। তার বাড়ি সিসোনি কুশী নদীর কাছে। ভয়াবহ বন্যার কারণে নদীটি স্থানীয়দের কাছে পরিচিত ‘দুঃখের নদী’ বলে।

যাদব বলেন, “এমন বছরও গেছে, যখন পরিবারের খাবারের জন্য দরকারি চালও উৎপাদন করতে পারতাম না। কখনও কখনও বন্যায় পুরো ফসল নষ্ট হয়ে যেত। আর এখন আমরা নিজেদের খাওয়ার চেয়েও বেশি চাল উৎপাদন করি।”

উন্নত জাত প্রসঙ্গে সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (আইসএআর) জ্যেষ্ঠ বিজ্ঞানী রামেশ্বর সাহ বলেন, গবেষকরা এখন এমন ধানের জাত উদ্ভাবনে কাজ করছেন, যা একই সঙ্গে বন্যা ও খরা সহ্য করতে পারবে।

কৃষি বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন জাতের ধান আগামী পাঁচ বছরে ভারতের মোট উৎপাদনে অন্তত আরও ১০ মিলিয়ন টন চাল যোগ করতে পারে।

ভারতের শীর্ষ সরকারি নীতিনির্ধারণী সংস্থা- নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৬ সালের মধ্যে ভারতের মোট চাল উৎপাদন ১৭ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। কিন্তু সে সময় অভ্যন্তরীন চাহিদা বাড়লেও তা হবে মাত্র ১১ কোটি টন।

ক্রমবর্ধমান উদ্বৃত্ত মোকাবিলায় ভারত সরকার কিছু চাল ইথানল উৎপাদনে ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে সরকারি গুদামে চালের মজুত বাড়ছেই।

গত ১ অক্টোবর সরকারি চালের মজুত রেকর্ড ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চার গুণেরও বেশি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ২৯ সেপ্টেম্বরের এক চিঠিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন গত বছর সরকারিভাবে কেনা ৬ লাখ টন চাল স্থানীয় গুদাম থেকে সরিয়ে অন্য গুদামে নেওয়া হয়। তা না হলে নতুন ফসল কেনায় দেরি হতে পারে, যা কৃষকদের মধ্যে 'অসন্তোষ' সৃষ্টি করতে পারে।

দেশের ভেতরে বিরোধ, বিদেশেও অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ:

ভর্তুকির ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকার প্রতি বছর চালের জন্য একটি ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নির্ধারণ করে। এই মূল্য নির্ধারণে শ্রমিকের মজুরি থেকে শুরু করে সারসহ বিভিন্ন উৎপাদন ব্যয় বিবেচনা করা হয়।

চাল উৎপাদনকারী রাজ্যগুলো প্রায়ই কেন্দ্রীয় সরকারের নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত অর্থ বা বোনাস দেয়। এতে কৃষকদের কাছে ধান চাষ আরও লাভজনক হয়ে ওঠে।

কিন্তু এর ফলে যেহেতু চালের অতিরিক্ত উৎপাদন বেড়েই চলেছে, তাই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর মধ্যে এসব বোনাস নিয়েও বিরোধ তীব্র হচ্ছে।

তাছাড়া অনেক বেশি ধান চাষের কারণে তেলবীজ ও ডালসহ অন্যান্য ফসল চাষের জমি কমে যাচ্ছে। আর সেইসব ফসলের চাহিদা মেটাতে গিয়ে ভারতকে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতকে তেলবীজ ও ডাল আমদানিতে ২২.৭ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা গত এক দশকে ১২০ শতাংশ বেশি। অন্যদিকে, চাল রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ১ হাজার ২শ’ কোটি ডলার।

ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “চাল উৎপাদনকারী রাজ্যগুলো আরও বেশি চাল কেনার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে, যা হতাশাজনক।”

এদিকে, এই বিরোধ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারতের চাল রপ্তানি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রসহ থাইল্যান্ড, ভিয়েতনামের প্রতিযোগী উৎপাদকদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘ডাম্পিং’ বা উৎপাদন খরচের চেয়ে কম দামে বিশ্ববাজারে চাল বিক্রির অভিযোগ তোলেন।

যুক্তরাষ্ট্রের চালবিষয়ক বাণিজ্য সংগঠন গত এপ্রিলে বলেছিল, “ভারতের মতো অসাধু পক্ষের অন্যায্য প্রতিযোগিতা” যুক্তরাষ্ট্রের চাল বিক্রির জন্য হুমকি তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের একজন মুখপাত্র বলেন, “ভারতের চাল ভর্তুকি নিয়ে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে।”

যদিও ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া নয়াদিল্লি অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের প্রিমিয়াম বাসমতি চাল রপ্তানি করে থাকে।

থাইল্যান্ডও চালের দাম আরও কমে যাওয়া ঠেকাতে ভারত ও ভিয়েতনামের সহযোগিতা চেয়েছিল। অক্টোবরে থাইল্যান্ড জানায়, ভারতের বিপুল চালের মজুত থাই রপ্তানিকারকদের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

নভেম্বরের মাঝামাঝি থাই চালের বেঞ্চমার্ক মূল্য প্রতি টন প্রায় ৪৯৭ ডলার ছিল। অথচ ভারতীয় চাল প্রতি টনে প্রায় ১১০ ডলার কম দামে বিক্রি হচ্ছে।

কৃষি ভর্তূকি ও প্রণোদনা বোনাস এখন গলার কাঁটা:

ধান উৎপাদনে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি ও রাজ্য সরকারগুলোর প্রণোদনা বোনাস যেন এখন গলার কাঁটা।

ভারতে কৃষি খাতে কর্মরত মানুষের সংখ্যা মোট কর্মশক্তির ৪০ শতাংশেরও বেশি। দেশটির কৃষকরা বরাবরই ভর্তুকি কমানোর যেকোনো উদ্যোগের বিরোধিতা করে আসছেন।

ভারতে ২০২০ ও ২০২১ সালে কৃষি আইন পরিবর্তনের বিরুদ্ধে কৃষকদের ব্যাপক আন্দোলন হয়েছিল। কৃষকদের শঙ্কা ছিল, সংশোধিত আইনে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা বিলুপ্ত হয়ে যেতে পারে।

অবশ্য রক্তক্ষয়ী ওই কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালে সরকার আইন সংশোধন প্রত্যাহার করতে বাধ্য হয়।

সেকারণে কেন্দ্রীয় সরকার নিজস্ব ভর্তুকি ব্যবস্থায় পরিবর্তন আনতে অনিচ্ছুক। তাই রাজ্য সরকারগুলোর অতিরিক্ত বোনাস দেওয়া বন্ধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্র জানিয়েছে, গত দুই বছরে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় তিনবার অর্থ মন্ত্রণালয়ের কাছে রাজ্যগুলোর অতিরিক্ত বোনাস দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছে।

চলতি বছরের মার্চ মাসেও খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাজ্যগুলোর খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চালের অতিরিক্ত বোনাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এ ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি।

কারণ, রাজ্য সরকারগুলোও আশঙ্কা করছে, কৃষকদের আর্থিক সুবিধা কমিয়ে দিলে ভোটের মাঠে ফল খারাপ হতে পারে।

পরামর্শক প্রতিষ্ঠান বিগ মিন্টের কৃষিব্যবসা বিভাগের প্রধান অভিষেক গোভিলকার বলেন, রাজ্য সরকারগুলোকে এই বোনাস বন্ধ করতে রাজি করানো সহজ নয়।

গোভিলকার বলেন, “রাজ্য সরকারগুলো বোনাসকে নির্বাচনে জয়ী হওয়ার হাতিয়ার হিসেবে দেখে।”

আর এসব কারণেই ধান-চাল নিয়ে কেন্দ্রীয় সরকারের লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করেন গোভিলকার।